তেহরান, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনকে বিশ্বের সবচেয়ে 'অবাধ' নির্বাচন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের গার্ডিয়ান কাউন্সিল নির্বাচনে আহমাদিনেজাদের জয় নিশ্চিত করার পর মঙ্গলবার প্রথম ভাষণে তিনি এই দাবি করেন।
আহমাদিনেজাদ বলেন, এই নির্বাচন ইরানের জন্য এক নবসূচনা। সরকার এর মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে।
তিনি আরও বলেন, "এই নির্বাচন বিশ্বে সবচেয়ে অবাধ প্রেসিডেন্ট নির্বাচন। এর মধ্য দিয়ে সরকার দেশে-বিদেশে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। ইরানের জন্য এ নির্বাচন নতুন দিনের সূচনা করেছে।"
ইরানের নির্বাচনে পরাজিত বিরোধীদলীয় প্রার্থীরা ভোট ডাকাতি এবং অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করে। কয়েক সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় নিহত হয় বেশকিছু মানুষ। নির্বাচন নিয়ে দেশে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য আহমাদিনেজাদ পশ্চিমা দেশগুলোকে দোষারোপ করেছেন।
তিনি বলেন, আমাদের বিদেশি শত্র"রা নির্বাচন নিয়ে শংসয় সৃষ্টির চেষ্টা করে বিশ্বে আমাদের সম্ভাবনা নস্যাতের পরিকল্পনা করেছিল। তাদের জানা উচিত যে, তারা যতই নাক গলানোর চেষ্টা নেবে ততই আন্তর্জাতিক অঙ্গনে আমাদের আরও শক্তিশালী অভ্যুদয় ঘটবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০০ ঘ.
bdnews24