২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র হ্রাস ও আফগান ট্রানজিট চুক্তিতে রাজি যুক্তরাষ্ট্র-রাশিয়া

পরমাণু অস্ত্র কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং যুক্তরাষ্ট্রকে রাশিয়ার মধ্য দিয়ে আফগানিস্তানে সেনা ও অস্ত্র সরবরাহের ট্রানজিট দেওয়া নিয়ে চুক্তিতে সোমবার একমত হয়েছেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং বারাক ওবামা। তালেবানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে এই ট্রানজিট চুক্তিকে অত্যন্ত মূল্যবান অবদান বলে প্রশংসা করেছে ওয়াশিংটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 05:24 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

মস্কো, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পরমাণু অস্ত্র কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং যুক্তরাষ্ট্রকে রাশিয়ার মধ্য দিয়ে আফগানিস্তানে সেনা ও অস্ত্র সরবরাহের ট্রানজিট দেওয়া নিয়ে চুক্তিতে সোমবার একমত হয়েছেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং বারাক ওবামা। তালেবানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে এই ট্রানজিট চুক্তিকে অত্যন্ত মূল্যবান অবদান বলে প্রশংসা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার মস্কোয় পৌঁছেন। প্রেসিডেন্ট হিসেবে এটাই ওবামার প্রথম রাশিয়া সফর। দু'দেশের কঠিন সম্পর্ক সহজ করা তার এ সফরের লক্ষ্য। ক্রেমলিনের এসটি এন্ড্রুস হলে এক সাংবাদিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা দুপক্ষের মধ্যকার সব মতবিরোধ দূরে সরিয়ে রেখে পরমাণু অস্ত্র বিস্তারের মতো বৈশ্বিক সমস্যা সমাধানে একে অপরকে সহযোগিতা করার ওপর আলোকপাত করেন। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ ইস্যুগুলোও উল্লেখ করেন দু'নেতাই। এর মধ্যে রয়েছে ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার বিরুদ্ধে রাশিয়ার অবস্থান এবং জর্জিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন। কিন্তু জনসম্মুখে বিরোধের দিকটি এড়িয়ে ইতিবাচক সম্পর্কের পথে এগুনোর ওপরই জোর দেন দু নেতা। মেদভেদেভকে সোজাসাপ্টা এবং দক্ষ নেতা বলে প্রসংশা করে ওবামা বলেন, " তিনি রাশিয়ার জনগণের স্বার্থ বুঝেছেন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থও বুঝতে চেয়েছেন।" চুক্তি স্বাক্ষরের সময় ওবামা এবং মেদভেদভ পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি এ বছরের শেষ নাগাদই চূড়ান্ত করে ফেলার অঙ্গীকার করেন। চুক্তির আওতায় দুপক্ষই ২,২০০রও বেশি পরমাণু অস্ত্র কমিয়ে ১৫০০-১৬৭৫ অস্ত্র মোতায়েন রাখবে। অন্যদিকে, ট্রানজিট চুক্তির আওতায় রাশিয়া কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই তাদের দেশের ওপর দিয়ে বছরে ৪,৫০০ মার্কিন সামরিক ফ্লাইট চলাচলের অনুমতি দেবে। এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন। দুপক্ষের অন্যান্য চুক্তির মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র-রাশিয়া সামরিক সহযোগিতা পুনরায় শুরু করা, নতুন যৌথ সরকারি কমিশন গঠন, যুদ্ধবন্দি সম্পর্কিত তথ্য আদান -প্রদান প্রভৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩১ ঘ.