তেগুছিগালপা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দেশে ফেরার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন হন্ডুরাসের সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া। তার বিমান তেগুছিগালপায় অবতরণ করতে দেয়নি হন্ডুরাস সরকার। বাধার মুখে নিকারাগুয়ায় অবতরণ করেছে জেলায়ার বিমান।
জেলায়ার দেশে ফেরার চেষ্টাকালে হন্ডুরাসের আন্তর্জাতিক বিমানবন্দরে সমবেত সমর্থকদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়েছে। সেনারা বিমানবন্দরে জেলায়ার হাজার হাজার সমর্থকের ঢল ঠেকানোর চেষ্টা করলে সহিংসতা শুরু হয়। এ সময় সমর্থকদের ছুড়া ইট-পাটকেলের জবাবে সেনারা টিয়ারগ্যাস ছুড়ে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।
বিমানবন্দরে কয়েকবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর জেলায়ার বিমান প্রতিবেশী নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় জেলায়া বিমান থেকে কারাকাস-ভিত্তিক তেলেসুর নিউজ চ্যানেলকে বলেন, "পরিস্থিতির মুখে আমরা যে পরিকল্পনা করেছিলাম সে পথেই যেতে হচ্ছে। আর তা হল এ অঞ্চলের অন্যান্য প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠকে বসা।"
এর আগে জেলায়া এল সালভেদরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেখানে আর্জেন্টিনা, ইকুয়েডর, প্যারাগুয়ের প্রেসিডেন্ট এবং অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস ওএএস এর প্রধানের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। ইকুয়েডর, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেলায়াকে সমর্থন দিতে রোববারেই এল সালভেদর রওনা হয়েছেন।
জেলায়াকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আসছে হন্ডুরাসেরর্ র্অন্তবতী সরকার। হন্ডুরাসের সেনাবাহিনী গত রোববার জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠায়। জেলায়া এরপর দেশে ফেরার অঙ্গীকার করলে হন্ডুরাস সরকার তাকে গ্রেপ্তারের হুমকি দেয়। জেলায়া এ হুমকি অগ্রাহ্য করে রোববার দেশে ফেরার চেষ্টা করে ব্যর্থ হলেন।
জেলায়াকে নিয়ে ঘনিয়ে ওঠা সংকট থেকে আঞ্চলিক উত্তেজনার আভাস দিয়ে হন্ডুরাসেরর্ র্অন্তবতী প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তি বলেছেন, নিকারাগুয়ার সেনাদের ছোট ছোট কয়েকটি দল সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। যদিও তারা এখনও সীমান্ত পার হয়নি। জেলায়ার সমর্থক নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তগাকে হন্ডুরাসের স্বার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মিচেলেত্তি ।
ওদিকে, ওর্তেগা হন্ডুরাস সীমান্তের দিকে সেনাদের অগ্রযাত্রার অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।
এর আগে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) এবং যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে হন্ডুরাস জেলায়াকে প্রেসিডেন্ট পদে পুনর্বহাল না করায় শনিবার দেশটির সদস্যপদ স্থগিত করেছে ওএএস। এর ফলে 'ইন্টার-আমেরিকান ডেভেলপমেনট ব্যাংক (আইএডিবি) থেকে ঋণ পাওয়া কঠিন হবে ল্যাতিন আমেরিকার তৃতীয় দরিদ্র দেশ হন্ডুরাসের।
জেলায়াকে নিয়ে সঙ্কট সমাধানে এর আগে আগাম নির্বাচন দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল হন্ডুরাস সরকার। তাছাড়া, জেলায়াকে তার মেয়াদের শেষ কয়েকমাসের জন্য পুনর্বহাল করতে গণভোটও অনুষ্ঠান করা সম্ভব বলে জানিয়েছিলেন মিচেলেত্তি। তবে তাৎক্ষণিকভাবে এর আয়োজন করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
কয়েকদিনের অচলবস্থার মধ্যে গত শুক্রবার প্রথম সংহতির সুরে মিচেলেত্তি বলেন, সেনা অভ্যুত্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ওঠা নিন্দা-সমালোচনার ঝড় থামাতে ২৯ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনতে তিনি পুরোপুরি রাজি।
২০০৬ সাল থেকে হন্ডুরাসের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জেলায়া তার ৪ বছর মেয়াদ শেষের পরও তা বাড়াতে সংবিধান পরিবর্তনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালানোয় বিচারবিভাগ, কংগ্রেস এবং সেনাবাহিনী ক্ষুব্ধ হয়।
জেলায়া বিষয়টি নিয়ে গণভোট অনুষ্ঠানের চেষ্টা নেওয়ার আগেই তাকে আটক করে কোস্টারিকায় পাঠিয়ে দেয় সেনাবাহিনী। জেলায়াকে উৎখাতের পর কংগ্রেস রোবার্তো মিচেলেত্তিকে নতুনর্ র্অন্তবতী প্রেসিডেন্ট ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১০০০ ঘ.
bdnews24