আলাস্কা, ৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের গভর্নর ও ২০০৮ সালে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন শুক্রবার বলেছেন, এ মাসের মধ্যে তিনি পদত্যাগ করবেন। এই অপ্রত্যাশিত ঘোষণায় তার আরও বড় কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতবহন করছে।
আলাস্কায় নিজ শহর ওয়সিলায় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পেলিন এ ঘোষণা দিলেও ভবিষ্যত পরিকল্পনার কোনো ইঙ্গিত দেননি। সাংবাদিকদের তিনি কোনো প্রশ্নের সুযোগ দেননি।
পেলিন বলেন, "আমি ২০১০ সালে গভর্নর পদে আর দাঁড়াব না।" ২৬ জুলাই তিনি গভর্নরের দায়িত্বভার শন পারনেলের কাছে হস্তান্তর করবেন বলে জানান।
২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আরিজোনার সিনেটর জন ম্যাককেইন আকস্মিকভাবে পেলিনকে তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত করেন। দলের রক্ষণশীলরা ওই পদক্ষেপকে সমর্থন জানালেও অন্যরা ভাইস প্রেসিডেন্ট হওয়ার মতো পেলিনের অভিজ্ঞতা নেই বলে বিশ্বাস ব্যক্ত করেন।
তাকে রিপাবলিকান দলের শীর্ষ তিন ব্যক্তির একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে যারা ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার মূল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারেন। বাকি দুজন হচ্ছেন, মিসিসিপির গভর্নর হেলি বারবার ও ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রোমনি।
৪৫ বছর বয়সী পেলিন বলেন, অনেক "প্রার্থনা ও বিবেচনার" পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, "রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ির খেলায়" তিনি আর থাকতে চান না। এ প্রসঙ্গে তিনি গত বছরের নির্বাচনের প্রচারণার সময়ে তার ও পরিবারের প্রতি লোকজনের সমালোচনার উদাহরণ টানেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪০৪ ঘ.
bdnews24