২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি

ফিলিস্তিনি গেরিলা দল হামাস শাসিত গাজায় ডিসেম্বর ও জানুয়ারির সেনা অভিযানে ইসরায়েল বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 05:50 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

জেরুজালেম, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি গেরিলা দল হামাস শাসিত গাজায় ডিসেম্বর ও জানুয়ারির সেনা অভিযানে ইসরায়েল বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা বলেছে। গাজায় ২২ দিনের ইসরায়েলি অভিযান নিয়ে তৈরি করা ১১৭ পাতার ওই প্রতিবেদনে ইসরায়েলে হামাসের রকেট হামলারও সমালোচনা করে একে 'যুদ্ধাপরাধ' আখ্যা দিয়েছে অ্যামনেস্টি। ইসরায়েলে রকেট ছুড়ে গাজার ফিলিস্তিনিদের বিপদ ডেকে আনার জন্য অ্যামনেস্টি হামাস ও অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি দলগুলোকে অভিযুক্ত করেছে। অ্যামনেস্টি আরও বলেছে, গাজার হামাস গেরিলারা বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসাবে ব্যবহার করেছে-- ইসরায়েলের এই দাবির পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ইসরায়েলি সেনারা শিশু ও অন্যান্য বেসামরিক নাগরিকদেরকে বাড়িতে থাকতে বাধ্য করে তাদেরকে বিপদের মুখে ফেলেছে। ইসরায়েলের ওই অভিযানে ৩০০ শিশু এবং কয়েকশ নিরীহ মানুষসহ সহ অন্ততপক্ষে ১৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয় এবং নিরপেক্ষ ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্রও নিহতের একই পরিসংখ্যান দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী গাজা অভিযানে ২৯৫ বেসামরিক নাগরিকসহ ফিলিস্তিনি নিহতের সংখ্যা ১,১৬৬ এবং তিন বেসামরিক নাগরিকসহ মোট ইসরায়েলি নিহতের সংখ্যা ১৩ বলে জানিয়েছে। অ্যামনেস্টি বলেছে, ইসরায়েল বেশির ভাগ ধ্বংসযজ্ঞই চালিয়েছে বেপরোয়া এবং ইচ্ছাকৃতভাবে। এর মধ্য দিয়ে ইসরায়েল যুদ্ধের আইন লঙ্ঘন করেছে বলে অ্যামনেস্টি অভিযোগ করেছে। অ্যামনেস্টির এই অভিযোগ খন্ডন করে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই অভিযান চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী বহু ক্ষেত্রেই বেসামরিক লোকজনদের যতদূর সম্ভব ক্ষতি না করার যে চেষ্টা করেছে সে দিকটি প্রতিবেদনে উপেক্ষিত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে অ্যামনেস্টির প্রতিবেদনের ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫৮ ঘ.