২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিন হাউস গ্যাস নির্গমন রোধ চুক্তিতে সই করবে না ভারত

গ্রিন হাউস গ্যাস নির্গমন রোধের চুক্তিতে সই করবে না ভারত। বরং দারিদ্যমুক্তির লড়াই ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বেশি জোর দেবে বলে মঙ্গলবার ভারতের পরিবেশমন্ত্রী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 10:10 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

নয়াদিল্লি, জুলাই ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গ্রিন হাউস গ্যাস নির্গমন রোধের চুক্তিতে সই করবে না ভারত। বরং দারিদ্যমুক্তির লড়াই ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বেশি জোর দেবে বলে মঙ্গলবার ভারতের পরিবেশমন্ত্রী জানিয়েছেন। অথচ চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পাশাপাশি বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতও উষ্ণায়নে দায়ী গ্রিন হাউস গ্যাস (কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড প্রভৃতি) নির্গমনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। তবে এটা ঠিক যে ভারতের গ্রিন হাউস গ্যাস নির্গমনের হার ধনী দেশগুলোর চেয়ে অনেক কম। যেজন্য ভারত আশা করছে, জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলোরই নেতৃস্থানীয় ভূমিকা নেওয়া উচিত। ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ বলেন, "গ্রিন হাউস গ্যাসের নির্গমন ঠেকাতে ভারত পারবেও না এবং সেটা করবেও না। কারণ ভারতের সামনে এখন প্রধান বিবেচ্য দারিদ্র্য নির্মূল এবং সেইসঙ্গে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন।" তিনি আরও বলেন, "সঠিকভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন রোধ করতে গেলে ভারতের জ্বালানি সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা এবং পরিবহণ ব্যবস্থা বিপদে পড়বে।" ডিসেম্বরে কোপেনহেগেনে জলবায়ুর পরিবর্তন বিষয়ে মেয়াদ শেষ হওয়া কিউটো চুক্তির স্থলে নতুন যে চুক্তি হবে, তার আগে ভারত এই অবস্থান জানাল। উন্নয়নশীল দেশগুলো বলছে, ১৯৯০ সালে গ্রিন হাউস গ্যাসের নির্গমনের পর্যায় থেকে ধনী রাষ্ট্রগুলোর উচিত ২০২০ সালের মধ্যে তা ৪০ ভাগ কমিয়ে আনা। কিন্তু ধনী রাষ্ট্রগুলো বলছে, মন্দা ঠেকাতে তারা এতই ব্যস্ত যে লক্ষ্যপূরণ সম্ভব হবে না। কংগ্রেসের নেতৃত্বাধীন ভারতের জ্বালানির প্রধান উপাদান এখনও কয়লা। তবে রমেশ বলেছেন, ভারতে ধনী দেশগুলোর জনপ্রতি গ্রিন হাউস গ্যাসের নির্গমনের হার অতিক্রম বরদাশত করা হবে না। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জলবায়ু পরিবর্তনের যে বিল পাস হয়েছে সেটাও কোনওভাবে গ্রহণ করবে না ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৭১৯ ঘ.