ওয়ানা, পাকিস্তান, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে রোববার তালেবান জঙ্গিরা একটি সেনাবহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে ৬ সেনাকে হত্যা করেছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান প্রধান বাইতুল্লাহ মেহসুদের ঘাঁটিতে সেনাদের পুরোদস্তুর অভিযান শুরুর প্রস্তুতির মধ্যে এ ঘটনা ঘটল।
গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিরা সেনাবহরে রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছে। উত্তর ওয়াজিরিস্তান পাকিস্তানের আফগান সীমান্তের কাছে তালেবান জঙ্গিদের আরেকটি ঘাঁটি।
নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, "জঙ্গিদের ছোড়া রকেটে কয়েকটি যান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬ সেনা নিহত হওয়ার খবর পেয়েছি। আহত হয়েছে ১২ জন। "
চোরাগোপ্তা হামলার পর দুপক্ষে গুলিবিনিময় হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা।
উত্তর পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকায় তালেবান বিরোধী অভিযান শেষ হয়ে আসতে থাকায় দক্ষিণ ওয়াজিরিস্তানে নতুন করে পুরোদস্তুর অভিযানের প্রস্তুতি শুরু করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস চোরাগোপ্তা হামলা এবং হতাহতের খবরটি নিশ্চিত করেছেন। তবে তিনি নিহতের কোনও সংখ্যা উল্লেখ করতে পারেননি।
তালেবানরা পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় প্রভাব বিস্তারের চেষ্টা নেওয়ায় এবং পরমাণু অস্ত্রের জন্য হুমকি হয়ে ওঠায় সরকার তাদেরকে নির্মূলের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের এ সিদ্ধান্তজনগণের সমর্থন পেয়েছে। এছাড়াও পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও একে স্বাগত জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৪ ঘ.
bdnews24