তেহরান, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নির্বাচন পরবর্তী সহিংসতায় সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে তেহরানের ব্রিটিশ দূতাবাসের ৮ ইরানি কর্মচারীকে আটক করা হয়েছে। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স রোববার একথা জানিয়েছে।
ফার্স জানায়," ব্রিটিশ দূতাবাসের আটজন স্থানীয় কর্মী যারা সহিংসতায় জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে, তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।" কোনও সূত্র উল্লেখ না করে ফার্স আরও জানায়," এই দলটি বিক্ষোভে উস্কানি দিতে সক্রিয় ভূমিকা পালন করে।"
ইরানের ইংরেজি ভাষার প্রেস টিভিও ইরানি সূত্রের উদ্ধৃতি দিয়ে একই প্রতিবেদন প্রকাশ করেছে।
এ ঘটনায় তেহরান-লন্ডন সম্পর্কে আরও অবনতি হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের সম্পর্ক এমনিতেই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পাল্টাপাল্টি কূটনীতিক বহিস্কার করা নিয়ে বিরোধপূর্ণ।
১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরোধী পক্ষের রাস্তায় নামার পেছনে ইরান পশ্চিমা শক্তি ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের ইন্ধনকে দায়ী করে আসছে। তবে ব্রিটেন এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।
লন্ডনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন," গত কয়েক দিনে আমরা এরকম বেশ কিছু ধোঁয়াশাপূর্ণ প্রতিবেদন পেয়েছি যে, কয়েকজন ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ সংসর্গ থাকা অন্যান্যদের আটক করা হয়েছে।"
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ২৩ জুন ঘোষণা দেন যে, ইরান দু'জন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করায় তারাও দু'জন ইরানি ক'টনীতিককে লন্ডনকে থেকে বহিষ্কার করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রিটেনের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনা করছে তেহরান। ওদিকে, ইরানের গোয়েন্দামন্ত্রী বলেছেন, ব্রিটিশ পাসপোর্টধারী কিছুলোক নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৮০৩ ঘ.
bdnews24