নয়াদিল্লি, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসলামাবাদ সরকারের বিশ্বাসযোগ্যতা বাড়ানোয় সহায়তা করতে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনার লক্ষ্য নিয়েই এগুচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর এ অঞ্চলে কিছুটা স্থিতিশীলতা ফেরানোর এটিই মোক্ষম সুযোগ।
দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমানোর সর্বশেষ পদক্ষেপে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এ সপ্তাহে ইতালিতে বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। যদিও এ বৈঠকে কোনও অগ্রগতির আশা ক্ষীণ।
আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে আলোচনার জন্য ভারতকে ইতালিতে আয়োজিত জি-এইট পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই সম্মেলনের ফাঁকেই বৈঠক করতে পারেন দুদেশের কর্মকর্তারা।
নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভেস্তে যাওয়া শান্তিপ্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য ভারতকে চাপ দিয়ে আসছে পাকিস্তান। নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করেছে এবং তাদের বিরুদ্ধে ইসলামাবাদ সরকারকে ব্যবস্থা নিতে বলেছে।
তবে এ মুহূর্তে পাকিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযানের মুখে ভারত সম্ভবত ইসলামাবাদ সরকারের পাশে থাকার বিষয়টি জাহির করতে এবং এ সরকারের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর সহায়ক পদক্ষেপ হিসাবে সংলাপ চালিয়ে যাওয়ায় আগ্রহের ইঙ্গিত দিতে চাইছে।
ভারতের দ্য হিন্দু পত্রিকার স্ট্র্যাটেজিক এফেয়ার্স এডিটর সিদ্ধার্থ ভরদ্রাজন বলেছেন, "পাকিস্তান সরকারের সঙ্গে হাত না মেলানো মানেই ওই দেশে অবস্থানরত ঘোর ভারত বিরোধীদের সহায়তা করা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৫ ঘ.
bdnews24