তেহরান, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের অঙ্গীকার করেছে সংস্কারবাদী বিরোধীদলীয় নেতারা। নির্বাচন নিয়ে রাস্তায় গণবিক্ষোভ দমনে কট্টরপন্থি সরকারের কঠোর অবস্থানের মুখেও বিরোধীরা এই অঙ্গীকার করল।
দাঙ্গা পুলিশ ও ধর্মীয় মিলিশিয়া বাহিনী বুধবার গণবিক্ষোভ ঠেকিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিরোধীদলীয় নেতারা এতেও দমে যাননি। সংস্কারবাদী ধর্মীয় নেতা মেহদি কারুবি নতুন সরকারকে 'অবৈধ' আখ্যা দিয়েছেন। নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির স্ত্রী বলেছেন, ইরানিদের অধিকার রক্ষায় বৈধ বিক্ষোভ চালিয়ে যাওয়াটাই কর্তব্য।
মুসাভিকে সমর্থন দিচ্ছেন ইরানের প্রভাবশালী সাবেক প্রেসিডেন্ট আকবর হাসেমি রাফসানজানি। রাফসানজানি কম আক্রমণাত্মক বৈদেশিক নীতির সমর্থক।
তেহরানে গত সপ্তাহে বিক্ষোভে নিহত এক নারীর স্মরণে একটি বার্তা দিয়ে শুক্রবার কয়েক হাজার বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছে মুসাভির সমর্থকরা।
মুসাভি নির্বাচন বাতিলের দাবি করলেও ইরানের সর্বোচ্চ আইনি প্রতিষ্ঠান 'দ্য গার্ডিয়ান কাউন্সিল' এ সম্ভাবনা নাকচ করেছে।
কাউন্সিলের মুখপাত্র বলেছেন, তারা নির্বাচন নিয়ে সব অভিযোগই খতিয়ে দেখেছেন। কিন্তু এতে বড় ধরনের কোনও জালিয়াতি বা অনিয়মের আলামত পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় প্রেস টিভি বৃহস্পতিবার একথা জানিয়েছে।
মুখপাত্র এবারের নির্বাচনকে ইসলামিক বিপ্লবের পর ইরানের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24