জেরুজালেম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলকে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের টেন্ডার বন্ধ করতে বলছে যুক্তরাষ্ট্র। তবে যে প্রকল্পগুলোর কাজ শুরু হয়ে গেছে সেগুলো বিশেষ বিবেচনায় দেখার ইঙ্গিতও দিয়েছে ওয়াশিংটন। বুধবার মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকাশ্যে ও জোরালো ভাষায় ইসরায়েলকে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন। এ নিয়ে দুই মিত্রের মধ্যে প্রকাশ্য-মতবিরোধ তৈরি হয়েছে।
তবে দু'পক্ষই বলছে তারা এ বিরোধ মিটিয়ে ফেলার জন্য কাজ করছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছাতে আগামী সপ্তাহে ইউরোপে ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ঊর্ধতন এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, "ওটাই আমাদের লক্ষ্য, তবে সেখানে এখনও আমরা পৌঁছতে পারিনি।"
মিচেল জানিয়েছেন, ইসরায়েল বসতি স্থাপনের "স্বাভাবিক বৃদ্ধি" বলতে কি বোঝাতে চাচ্ছে তার অর্থ বের করার চেষ্টা চলছে। নেতানিয়াহু জানিয়েছেন তিনি চান বর্ধিষ্ণু ইহুদি পরিবারগুলোর শিশুরা অধিকৃত পশ্চিম তীরে গড়ে তোলা ছোট্ট ছোট্ট শহরগুলোই বেড়ে উঠতে সেজন্য তিনি বসতিগুলো রক্ষা করতে চান।
পুরো বসতি স্থাপন বন্ধের দাবি জোরাল হওয়ার পর্যায়ে পশ্চিমা ও ইসরায়েলি কর্মকর্তারা জানাচ্ছেন, বসতি স্থাপনের যে কাজগুলো শুরু হয়ে গেছে সেগুলো অব্যাহত রাখার সায় দিতে পারে ওবামা প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৩৪ ঘ.
bdnews24