রাশিয়া, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে মঙ্গলবার অভিনন্দন জানিয়েছে রাশিয়া ও চীন। দেশে ব্যাপক বিক্ষোভের মুখেও আহমাদিনেজাদ রাশিয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও)সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং চীনের প্রেসিডেন্ট হু জিনতাও দুজনই আহমাদিনেজাদের সঙ্গে স্বল্প সময়ের জন্য সাক্ষাৎ করেন। এসসিও সদস্য রাষ্ট্রগুলোর প্রধান এ সময় পুননির্বাচিত হওয়ার জন্য আহমাদিনেজাদকে অভিনন্দন জানান। ক্রেমলিনের মুখপাত্র নাতারিয়া তিমাকোভা একথা বলেছেন।
সম্মেলনের ভাষণে আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। কিন্তু ইরানের শুক্রবারের নির্বাচন এবং তৎপরবর্তী বিক্ষোভ সম্পর্কে তিনি কোনও কিছু উল্লেখ করেননি।
এসওসি'র সদস্য দেশগুলো হচ্ছে রাশিয়া, চীন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তান।
ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান পর্যবেক্ষক দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৬ ঘ.
bdnews24