তেহরান, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সর্বোচ্চ আইনি সংস্থা মঙ্গলবার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন বাতিলে সম্ভাবনা নাকচ করেছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় কিছু ব্যালট বাক্সের ভোট পুনরায় গণনা করতে তারা প্রস্তুত বলে জানিয়েছে।
ভোট পুনর্গননার আশ্বাস দিয়ে কয়েক দিনের বিক্ষোভ-সমাবেশের মুখে ইরান কর্তৃপক্ষ প্রথম ছাড়ের ইঙ্গিত দিল বলেই মনে করা হচ্ছে। ইরানের ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল ভোট পুনর্গণনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। কিন্তু প্রভাবশালী এই কাউন্সিল সংস্কারবাদীদের নির্বাচন বাতিলের দাবি প্রত্যাখ্যান করেছে।
এতে করে আরও বেশি রাজনৈতিক বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভি ফলাফল প্রত্যাখ্যান করায় তিনদিন ধরে তেহরানে সহিংসতাপূর্ণ ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এরকম সরকারবিরোধী বিক্ষোভ আর হয়নি। মুসাভির সমর্থকরা বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
বিক্ষোভ আন্দোলনের মুখে ইরানের ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল বলেছে, "কয়েকজন প্রার্থী যেসব ব্যালট বাক্স নিয়ে প্রশ্ন তুলেছেন সেগুলোর ভোট তাদের প্রতিনিধিদের সামনে পুনরায় গণনা করতে প্রস্তুত কাউন্সিল।"
কাউন্সিলের মুখপাত্র আব্বাসলি কাদখোদাইর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, "পুণর্গণনার পর কিছু হিসাবের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতেও পারে।"
নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। এই ফল প্রত্যাখ্যান করে মুসাভি ও আরেক পরাজিত প্রার্থী মেহেদি কারুবি বলেছেন, তারা নতুন করে নির্বাচন চান, ভোটের আংশিক পুনর্গণনা চান না।
মুসাভি জীবনহানি এড়াতে তার সমর্থকদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ-সমাবেশ না করার আহ্বান জানালেও বিক্ষুব্ধ সমর্থকরা তা মানছে কিনা তা স্পষ্ট নয়। তারা বিরোধী বার্তা ছড়াচ্ছে এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার ডাক দিচ্ছে।
ওদিকে, রাষ্ট্রীয় টেলিভিশনে আহমাদিনেজাদের হাজার হাজার সমর্থককে 'ভ্যালি-ইয়ে আসর' স্কয়ারে সমবেত হতে দেখা যাচ্ছে।
এতে করে আরও বেশি সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
এর আগে রাজধানী তেহরানে সোমবার মীরহোসেন মুসাভির প্রতিবাদ সমাবেশস্থলের কাছে ৭ ব্যক্তির নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন। মুসাভির সমর্থকরা ভোট জালিয়াতির অভিযোগে মঙ্গলবারও তেহরানের একই স্থানে বিক্ষোভ-সমাবেশ করার প্রস্তুতি নেয়।
ইংরেজি ভাষার 'প্রেস টিভি' জানিয়েছে, সোমবার তেহরানের কেন্দ্রস্থলে সমাবেশের শেষদিকে একদল 'দুর্বৃত্ত' একটি সেনাচৌকির ওপর হামলা চালানোর চেষ্টা করলে ৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
কিভাবে ওই ৭ ব্যক্তির মৃত্যু হল তার বিস্তারিত জানায়নি টেলিভিশনটি। প্রথমে শুধু একটি ব্রেকিং নিউজ শিরোনামে দেওয়া সংবাদে রেডিওর উদ্ধৃত দিয়ে বলা হয়, "তেহরানে একটি অবৈধ সমাবেশের কাছে ৭ ব্যক্তি নিহত হয়েছে।"
পরে যোগ করা হয়: একদল 'দুর্বৃত্ত' একটি সেনা চৌকিতে হামলার চেষ্টা চালালে উদ্ভূত পরিস্থিতিতে আরও কয়েক ব্যক্তি আহত হয়।
একইদিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, নির্বাচন পরবর্তী অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী 'মূল এজেন্টদের' বিস্ফোরক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
সোমবার মুসাভির সমাবেশে থাকা একজন ইরানি আলোকচিত্রী জানিয়েছেন, বিক্ষোভ সমাবেশের সময় জনতা বাসিজ ইসলামি মিলিশিয়াদের একটি চৌকিতে হামলা চালালে মিলিশিয়ারা গুলি চালায়। ওই আলোকচিত্রী একজনের নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।
সোমবারের সমাবেশে হাজার হাজার ইরানি স্লোগান দেয়, "কাল বিকেল পাঁচটায় (১২৩০ জিএমটি) আবার ভেলি-আয়ে আসর স্কয়ারে দেখা হবে।"
এক কোটি ২০ লাখ মানুষের শহর তেহরানের প্রধান রাস্তাগুলোর একটি প্রধান সংযোগমোড়ের ওই চত্বরেই মুসাভির সমর্থকরা বিক্ষোভ চালিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৪ ঘ.
bdnews24