তেহরান, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার জানিয়েছে, তেহরানের একটি সমাবেশস্থলের কাছে ৭ ব্যক্তি নিহত হয়েছে।
ইংরেজি ভাষার প্রেস টিভি একটি ব্রেকিং নিউজ শিরোনামে দেওয়া সংবাদে রেডিওর উদ্ধৃত দিয়ে বলেছে, "তেহরানে একটি অবৈধ সমাবেশের কাছে ৭ ব্যক্তি নিহত হয়েছে।"
এতে আরও বলা হয়, একদল 'দুর্বৃত্ত' একটি সেনা চৌকিতে হামলার চেষ্টা চালালে উদ্ভূত ওই পরিস্থিতিতে আরও কয়েক ব্যক্তি আহত হয়।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরানে বিক্ষোভ-সমাবেশ করে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির হাজার হাজার সমর্থক। 'আল্লাহ হু আকবর' স্লোগান দিয়ে তারা 'রেভল্যুশন স্কয়ার' এ সমবেত হয়। সমাবেশে মুসাভিও উপস্থিত হয়েছিলেন।
ইরানের একজন আলোকচিত্রী জানিয়েছেন, সোমবারের বিক্ষোভ সমাবেশের সময় আধাসামরিক বাহিনী এক ব্যক্তিকে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১১৫২ ঘ.
bdnews24