২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমাদিনেজাদের বিশাল জয়

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বিশাল জয় পেয়েছেন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীরহোসেন মুসাভি ভোটে অনিয়ম হওয়ার অভিযোগ করে নিজেকে বিজয়ী দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 06:04 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

তেহরান, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বিশাল জয় পেয়েছেন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীরহোসেন মুসাভি ভোটে অনিয়ম হওয়ার অভিযোগ করে নিজেকে বিজয়ী দাবি করেছেন। শনিবার সকালের মধ্যে বেশিরভাগ গণনার সরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে কট্টরপন্থি হিসেবে পরিচিত আহমাদিনেজাদ মধ্যপন্থি মুসাভির চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন। যদিও বিশ্লেষকরা বলেছিলেন, এ নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সরকারিভাবে পূর্ণ ফলাফল ঘোষণার আগে মুসাভি বেশকিছু অভিযোগ তুলে বলেছেন, ভোটকেন্দ্রে ব্যালট পেপার কম ছিল। অনেকেই ভোট দিতে পারেননি। তেহরানে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী মুসাভি বলেন, "প্রেসিডেন্ট নির্বাচনে অবশ্যই আমি জয়ী হয়েছি।" তবে ইরানের নির্বাচন কমিশন বলেছে, ৩ কোটি ব্যালট গণনার ফলাফলে আহমাদিনেজাদ ৬৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। মুসাভি পেয়েছেন ৩২ শতাংশ। ইরানের ভোটার সংখ্যা ৪ কোটি ৬০ লাখ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, "ড. আহমাদিনেজাদ বেশিরভাগ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন।" বর্তমান প্রেসিডেন্ট আহমাদিনেজাদকেই ক্ষমতায় রাখবেন নাকি মধ্যপন্থি তিন প্রতিদ্বন্দ্বীর কাউকে ক্ষমতায় বসাবেন সে রায় দিতে শুক্রবার লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ইরানিরা। ভোটার উপস্থিতি ছিল রেকর্ডসংখ্যক। শুক্রবার নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে ভোট দেওয়ার স্থানীয় সময় দু'ঘন্টা বাড়ানোও হয় বলে জানিয়েছে বিবিসি। ভোট শেষ হওয়ার পরপরই মুসাভির জয় দাবি করেন তার এক ঘনিষ্ট মিত্র। তবে আহমাদিনেজাদের উপদেষ্টা এই দাবিকে 'মনস্তাত্বিক যুদ্ধ' বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ভোটের ফল অনুমান করা অসম্ভব। তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মুসাভিই প্রচারণায় এগিয়ে ছিলেন। আহমাদিনেজাদের অর্থনৈতিক নীতিমালার কট্টর সমালোচনকারী এবং পশ্চিমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী মুসাভির পক্ষে প্রচারণার শেষ দিন হাজার হাজার ইরানি তেহরানের রাজপথে মিছিল করেছে। বিশ্লেষকরা বলছিলেন, মুসাভি জিতলে ইরানে পশ্চিমের বিনিয়োগ সম্ভাবনা বাড়বে। ৭ কোটি জনসংখ্যার দেশটিতে স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হয়। নির্বাচনে কোনো প্রার্থীর সুস্পষ্ট বিজয় নিশ্চিত না হলে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ১৯ জুন পুনরায় নির্বাচন হওয়া নির্ধারিত ছিল। মুসাভির মিত্র সাদেগ খারাজি রয়টার্সকে বলেন, জরিপে দেখা গেছে, প্রথম দফায় জয়লাভের জন্য মুসাভিই যথেষ্ট ভোট পেতে চলেছেন। তিনি বলেন, জরিপের ভিত্তিতে আমি বলতে পারি যে মুসাভি ৫৮ থেকে ৬০ শতাংশ পাচ্ছেন এবং আমরাই জয়ী হব। এর প্রতিক্রিয়ায় আহমাদিনেজাদের উপদেষ্টা আলী আকবর জাভানফেকর বলেন, "তারা কিভাবে এই ধারণা করে? এটি একটি মনস্তাত্বিক যুদ্ধ। ভোটের ফলকে প্রভাবিত করতে তারা এটি শুরু করেছে।" পল্লী অঞ্চলের জোরালো জনসমর্থন নিয়ে আহমাদিনেজাদ তেহরানে ভোট দেওয়ার পর বলেন, "জনগণের বলিষ্ঠ, বিপ্লবী এবং সুস্পষ্ট সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে।" শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের কেন্দ্রগুলোতে ভোটদানের সরাসরি চিত্র দেখিয়ে বলা হয়, রেকর্ডসংখ্যক ভোটার ভোট দিচ্ছেন।" রাষ্ট্রীয় বেতারে ঘোষণা দেওয়া হয়: "দেশের দশম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নেওয়া হচ্ছে।" ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এটি দশম প্রেসিডেন্ট নির্বাচন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২০৮ ঘ.