২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকের গলায় গেরো দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ধূমপান, বিশেষ করে কিশোরবয়সীদের এই নেশা থেকে দূরে রাখার লক্ষ্যে বৃহস্পতিবার একটি ঐতিহাসিক বিলে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এর ফলে সিগারেটের বিজ্ঞাপন প্রচার কমানো, প্যাকেটের ওপর কঠোর হুঁশিয়ারি লেখা ও সিগারেট তৈরির কারখানা পরিদর্শনের ক্ষমতা পেল সংশ্লিষ্ট বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ওয়াশিংটন, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে ধূমপান, বিশেষ করে কিশোরবয়সীদের এই নেশা থেকে দূরে রাখার লক্ষ্যে বৃহস্পতিবার একটি ঐতিহাসিক বিলে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এর ফলে সিগারেটের বিজ্ঞাপন প্রচার কমানো, প্যাকেটের ওপর কঠোর হুঁশিয়ারি লেখা ও সিগারেট তৈরির কারখানা পরিদর্শনের ক্ষমতা পেল সংশ্লিষ্ট বিভাগ। বিলটি পাস হওয়ায় স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কয়েক শ' গ্র"প সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছে। সিনেটে ডেমোক্র্যাটিক দলের উপনেতা ডিক ডারবিন বলেছেন, "টোবাকো কোম্পানিগুলোর বিশ্বের অন্যতম ক্ষতিকর একটি পণ্যের বিস্তার ঘটানোর দিন অবশেষে শেষ হয়েছে।" "আমরা আমেরিকার ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) হাতে আমাদের লাখ লাখ শিশু ও পরিবারকে তামাক-সম্পর্কিত রোগ থেকে রক্ষা করার হাতিয়ার তুলে দিয়েছি।" সিনেটে ৭৯-১৭ ভোটে বিলটি পাস হয়। এর ফলে সিগারেট প্রস্তুতকারকদের অবশ্যই এফডিএ'র কাছে নিবন্ধিত এবং তারা কী কী তৈরি করছে তার তালিকা দিতে হবে। কোম্পানিগুলোর কাছ থেকে লাখ লাখ ডলার ফি আদায় করার সুযোগও পেল এফডিএ। একইরকম একটি বিল ইতিমধ্যে প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। সিনেটের বিলটি প্রতিনিধি পরিষদে গৃহীত হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বৃহস্পতিবার সিনেটে বিলটির ওপর ভোটাভুটির আগে বলেছেন, "এখন পর্যন্ত আমি যতদূর বুঝতে পেরেছি, তাতে তাদের বিলটি আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব হবে এবং আমরা সেটি প্রেসিডেন্টের কাছে পাঠাতে পারব।" ওবামা এর আগে সিগারেট ছাড়ার নিজের চেষ্টার কথা উল্লেখ করে বলেছিলেন, তিনি বিলটিতে স্বাক্ষর করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৭০৯ ঘ.