২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সব-সহায়তার আশ্বাসকে স্বাগত জানিয়েছে পাকিস্তান

জঙ্গি দমন করলে ইসলামাবাদকে 'সম্ভাব্য সবরকম সহায়তা' দেওয়ার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মন্তব্যকে বুধবার স্বাগত জানিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ইসলামাবাদ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জঙ্গি দমন করলে ইসলামাবাদকে 'সম্ভাব্য সবরকম সহায়তা' দেওয়ার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মন্তব্যকে বুধবার স্বাগত জানিয়েছে পাকিস্তান। মুম্বাই হামলা নিয়ে মাসের পর মাসব্যাপী উত্তেজনার পর পাকিস্তানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মঙ্গলবার ওই সহায়তার আশ্বাস দেন। মুম্বাইয়ে গত নভেম্বরের সন্ত্রাসী হামলার জন্য নয়াদিল্লি পাকিস্তান ভিত্তিক জঙ্গি দল লস্কর-ই-তৈয়বাকে দায়ী করার পর পাকিস্তানের সঙ্গে মন্থর গতির শান্তি আলোচনা স্থগিত করে ভারত । ভারতের নির্বাচনে জয়লাভের কয়েক সপ্তাহ পর গত মঙ্গলবার মনমোহন পার্লামেন্টে এক ভাষণে বলেন, "মুম্বাই হামলাসহ অতীতের এ ধরনের বহু অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে পাকিস্তান সরকার তাদের ব্যবস্থাপনায় সবরকম উপায়কেই কাজে লাগাবে বলে আমি আশা করি। পাকিস্তানের নেতাদের এই শান্তির পথকে এগিয়ে নেওয়ার সাহস, দৃঢ়সঙ্কল্প এবং দক্ষতা থাকলে আমি তাদের সম্ভাব্য সবরকম সহায়তার আশ্বাস দিতে চাই।" এর প্রতিক্রিয়ায় পাকিস্তান বলেছে, ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে তিনবার যুদ্ধে জড়ানো ভারত-পাকিস্তানের উচিত আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সংলাপ শুরু করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত বলেন, "দুই দেশের মধ্যে ফলদায়ক শান্তি প্রক্রিয়া শুরুর পথে যে কোনও উদ্যোগকে আমরা স্বাগত জানই।" তিনি বলেন, "দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠাসহ এ অঞ্চলে কার্যকর স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুই দেশের একে অপরের সঙ্গে আলোচনায় বসা এবং দ্বিপক্ষীয় ইস্যুগুলো শান্তিপূর্ণভাবে সমাধান করাটা যে একান্তভাবে গুরুত্বপূর্ণ এ ব্যাপারে আমরা ভারতের সঙ্গে একমত।" ভারত গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু পাকিস্তানে লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সাঈদের মুক্তির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তারা। ভারতের বিশেষজ্ঞরা হাফিজের মুক্তি শান্তি আলোচনা শুরুর পথে প্রতিবন্ধকতা বলেই মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৩ ঘ.