২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে 'সর্বোচ্চ বোঝাপড়া' চান নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিরোধ দূর করতে 'সর্বোচ্চ বোঝাপড়া'র যথাসাধ্য চেষ্টা করবেন বলে রোববার জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধের যুক্তরাষ্ট্রের দাবির কাছে মাথা নত করার মনোভাবের কোনও লক্ষণ দেখাননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 10:23 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

জেরুজালেম, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিরোধ দূর করতে 'সর্বোচ্চ বোঝাপড়া'র যথাসাধ্য চেষ্টা করবেন বলে রোববার জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধের যুক্তরাষ্ট্রের দাবির কাছে মাথা নত করার মনোভাবের কোনও লক্ষণ দেখাননি তিনি। পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলে ইসরায়েলের ইহুদ বসতি স্থাপন বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চাপের মুখেও নেতানিয়াহু তা মেনে নেননি। উল্টো পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার নেতানিয়াহু জানান, আগামী সপ্তাহে তিনি ইসরায়েলের নীতি নির্ধারণী ভাষণ দেবেন। ভাষণের কোনও নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করে নেতানিয়াহু মন্ত্রিসভাকে বলেন, "আগামী সপ্তাহে আমি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভাষণ দেব। এতে আমি শান্তি ও নিরাপত্তা অর্জনে আমাদের নীতিমালা ইসরায়েলের নাগরিকদের কাছে তুলে ধরব।" তিনি বলেন, "আমি স্পষ্ট করে বলতে চাই, আরব বিশ্বের দেশগুলো এবং ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি অর্জন করার পাশাপাশি বিশ্বে আমাদের বন্ধুদের এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে 'সর্বোচ্চ বোঝাপড়া'র চেষ্টা করাটাই আমাদের অভিপ্রায়।" নেতানিয়াহু আরও বলেন, "ইসরায়েল এবং এর নাগরিকদের জন্য নিরাপত্তার সুদৃঢ় ভিত্তি রচনার মধ্য দিয়েই আমি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১০ ঘ.