২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারে রদবদল করে সঙ্কট সামলানোর চেষ্টায় ব্রাউন

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে গত তিনদিনে তিনজন মন্ত্রী পদত্যাগের সিদ্ধান্তের কথা জানানোর পর সঙ্কট সামাল দিতে শুক্রবার সরকারে রদবদল শুরু করেছেন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ক্ষমতা সুসংহত রাখতে সরকারে রদবদল করাটাই ব্রাউনের জন্য সর্বশেষ সুযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 09:56 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

লন্ডন, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের মন্ত্রিসভা থেকে গত তিনদিনে তিনজন মন্ত্রী পদত্যাগের সিদ্ধান্তের কথা জানানোর পর সঙ্কট সামাল দিতে শুক্রবার সরকারে রদবদল শুরু করেছেন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ক্ষমতা সুসংহত রাখতে সরকারে রদবদল করাটাই ব্রাউনের জন্য সর্বশেষ সুযোগ। বিবিসি জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ এর স্থলাভিষিক্ত হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেন জনসন। বিচারমন্ত্রী থাকছেন জ্যাক স্ট্র। তবে অর্থমন্ত্রীর পদে অ্যালিস্টাইর ডার্লিং এর জায়গায় এড বলস কে স্থলাভিষিক্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত এ পদে ডার্লিংই বহাল থাকছেন। ডার্লিং ব্রিটেনে অর্থনৈতিক মন্দা কাটানোর চেষ্টায় প্রসংশা কুড়িয়েছেন। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে পদত্যাগের আহ্বান জানিয়ে তার মন্ত্রিসভা থেকে জ্যাকি স্মিথ এবং কমিউনিটি মন্ত্রী হ্যাজেলের পর পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন 'কর্ম ও পেনশন' মন্ত্রী জেমস পার্নেল। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানান। শুক্রবার ব্রিটেনের দি টাইমস পত্রিকায় চিঠিটি প্রকাশ করে। পার্নেলের পদত্যাগের ঘোষণায় ব্রাউনের পদত্যাগ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। একইসঙ্গে রদবদলের সুযোগও সীমিত হয়ে পড়েছে। অথচ ২০০৭ সালে ব্লেয়ারের পদত্যাগের মধ্য দিয়ে ক্ষমতা আসার পর জনসমর্থন কমে যাওয়া এবং রাজনৈতিক অভ্যুত্থানের জল্পনার মধ্যে দলের কর্তৃত্ব পুনর্প্রতিষ্ঠায় ব্রাউনের সামনে সরকারে রদবদলটাই সর্বশেষ সুযোগ হিসাবে বিবেচিত হচ্ছে। ব্রাউন পদত্যাগ করলে এক বছরের মধ্যে সাধারণ নির্বাচন দেওয়ার জন্য লেবার দলের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। বিরোধী কনজারভেটিভরা জনমত জরিপে ইতোমধ্যেই এগিয়ে রয়েছে এবং নির্বাচনে তারাই ক্ষমতায় ফিরে আসার লক্ষণ একরকম সুস্পষ্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৩ ঘ.