২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের তিয়েনআনমেন চত্বরে কড়া নিরাপত্তা

চীনে ১৯৮৯ সালে তিয়েনআনমেন চত্বরে ছাত্রদের গণতন্ত্রপন্থী আন্দোলন সহিংস পন্থায় দমনের ২০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চত্বরটি ঘিরে রেখেছে শত শত পুলিশ ও নিরাপত্তারক্ষী। ওয়াশিংটন বেইজিংয়ের কাছে ২০ বছর আগের ওই দমনাভিযানে নিহতদের নাম চেয়েছে। আন্তর্জাতিক এই চাপের মুখে তিয়েনআনমেনে কড়া ব্যবস্থা নিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 10:33 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

বেইজিং, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে ১৯৮৯ সালে তিয়েনআনমেন চত্বরে ছাত্রদের গণতন্ত্রপন্থী আন্দোলন সহিংস পন্থায় দমনের ২০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চত্বরটি ঘিরে রেখেছে শত শত পুলিশ ও নিরাপত্তারক্ষী। ওয়াশিংটন বেইজিংয়ের কাছে ২০ বছর আগের ওই দমনাভিযানে নিহতদের নাম চেয়েছে। আন্তর্জাতিক এই চাপের মুখে তিয়েনআনমেনে কড়া ব্যবস্থা নিয়েছে চীন। ১৯৮৯ সালের ৪ জুন ট্যাংক নিয়ে ছাত্র-কর্মীদের সপ্তাহব্যাপী বিক্ষোভের রক্তক্ষয়ী অবসান ঘটিয়েছিল চীন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এরপর কখনওই দমনাভিযানে নিহতদের তালিকা প্রকাশ করেনি। ওই ঘটনার বিস্তারিত বিবরণ দিলে ক্ষমতা নাজুক হয়ে পড়ার আশঙ্কায় আছে চীন সরকার। গত দু দশকে চীনে নাটকীয় পরিবর্তন ঘটেছে। বাজার সংস্কারের ফলে চীনে লাখ লাখ লোক দারিদ্র্যমুক্ত হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে চীন। এখনকার দিনে তিয়েনআনমেন বিক্ষোভের মতো বিক্ষোভ হওয়ার সম্ভাবনা কম। অর্থনৈতিক দিক দিয়ে বেইজিংয়ের এই আস্থা এবং সতর্কতামূলক ব্যবস্থার মিশ্র আবহের মধ্যে বৃহস্পতিবার তিয়েনআনমেন চত্বর পরিদর্শকদের জন্য খোলা রাখা হয়। এর আগে ১৯৯৯ সালে তিয়েনআনমেন বিক্ষোভের ১০ বছর পূর্তির সময় এটি খোলা রাখা হয়নি। ভোরে এই চত্বরে পতাকা ওড়ানো দেখতে চীনারা ভিড় জমায়। বেইজিংয়ের বাইরে থেকেও অনেকে এসে এই চত্বরে সমবেত হয়। নীরবে শোক প্রকাশ করে কেউ কেউ। পরিবেশ ছিল শান্তিপূর্ণ। ১৯৮৯ সালের তিয়েনআনমেন বিক্ষোভ দমনের ঘটনা নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। ওই ঘটনায় নিহতদের তালিকা প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গে আলোচনায় বসার জন্য চীনকে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এক বিবৃতিতে তিনি বলেন, "অর্থনৈতিক দিক দিয়ে বিশাল অগ্রগতি অর্জনকারী এবং বিশ্ব নেতৃত্বে সঠিক স্থান অধিকার করে নিতে উদীয়মান চীনের উচিত তাদের অতীতের কালো ঘটনাগুলো প্রকাশ্যে যাচাই করা এবং জনসম্মুখে নিহত, আটক কিংবা নিখোঁজদের হিসাব দেওয়া।" অতীতের ক্ষত সারাতে এবং জনগণকে সবকিছু জানতে দেওয়ার জন্য এটি করা উচিত বলে হিলারি মন্তব্য করেন। কিন্তু হিলারির এই মন্তব্যকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে 'রূঢ় হস্তক্ষেপ' বলে এর নিন্দা জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কিং গুয়াং বলেছেন, "এতে আমরা চরম অসন্তুষ্ট এবং এর ঘোর বিরোধিতা করছি।" বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪২ ঘ.