সউল, জুন ৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- 'শত্র"তার মনোভাব' নিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশের অভিযোগে আটক যুক্তরাষ্ট্রের দুই সাংবাদিকের বৃহস্পতিবার বিচার শুরু করেছে পিয়ংইয়ং। এরা হচ্ছেন যুক্তরাষ্ট্রের 'কারেন্ট টিভি'র লরা লিং এবং ইউনা লি।
গত মার্চে উত্তর কোরিয়া এবং চীনের সীমান্তে একটি প্রতিবেদন তৈরির সময় তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির কেসিএনএ বার্তা সংস্থা এক বাক্যে শুধু জানিয়েছে, দেশের সর্বোচ্চ আদালতে তাদের বিচার শুরু হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ফৌজদারি আইনে বিচারের সম্মুখীন করা এই দুই সাংবাদিকের ১০ বছর বা তারও বেশি সশ্রম কারাদণ্ড হতে পারে। দেশটির বিচারব্যবস্থায় তাদের শাস্তি হওয়া একরকম নিশ্চিত।
দক্ষিণ কোরিয়ার কুকমিন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক এবং উত্তর কোরিয়ার আইন সম্পর্কে বিশেষজ্ঞ পার্ক জিয়ং উ'র মতে, উত্তর কোরিয়ার আইন অনুসারে দেশের প্রতি শত্র"তামূলক কাজের জন্য গ্রেপ্তার করা ব্যক্তিকে ১০ বা তারও বেশি বছরের জন্য শ্রমশিবিরে পাঠানো হতে পারে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, উত্তর কোরিয়ার কারাগারে বন্দিদের সঙ্গে খুবই নিষ্ঠুর আচরণ করা হয়। নির্যাতন সেখানে একটি সাধারণ ব্যাপার।
লিং তার বোনের কাছে লেখা চিঠিতে জানিয়েছে "আমাকে যখন প্রথম এখানে আনা হয় তখন অনেক কান্নাকাটি করতাম, এখন আর তেমন কাঁদি না।"
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এই দুই সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকেও তাদের তাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, লি'র চার বছরের একটি ছেলে আছে এবং লিং আটক হওয়ার আগে আলসারে ভুগছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৬১১ ঘ.
bdnews24