শ্রীনগর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভারতীয় কাশ্মীরে দুই মুসলিম নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভের সময় বেশ কয়েকজন আহত হওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে সরকার। মঙ্গলবার রাজ্যের প্রধান শহর শ্রীনগরে আবাসিক এলাকার সঙ্গে বাইরের যোগাযোগ বন্ধ করে দিয়েছে সেনারা। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
বিচ্ছিন্নতাবাদীরা ধর্মঘট ৩ জুন পর্যন্ত বাড়ানোর পর হাজার হাজার সেনা ও দাঙ্গা পুলিশকে মঙ্গলবার শ্রীনগরের রাস্তায় টহল দিতে দেখা গেছে।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে শোপিয়ান শহরের বাসিন্দারা অভিযোগ করেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুক্রবার ১৭ ও ২২ বছর বয়সী দুই নারীকে ধর্ষণ ও হত্যা করেছে।
তবে কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই দুই নারী পানিতে ডুবে মারা গেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ময়না তদন্তে সহিংসতার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সোমবার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। তবে বিচ্ছিন্নতাবাদীরা এই তদন্ত প্রত্যাখ্যান করেছে।
বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ জিলানি এক বিবৃতিতে বলেন, "সরকারি তদন্ত আমরা প্রত্যাখ্যান করেছি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই নারীকে গণধর্ষণ করেছে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।"
পুলিশ জানিয়েছে, জিলানিসহ অধিকাংশ বিচ্ছিন্নতাবাদী নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
গত বছর থেকে কাশ্মীরে রাজপথে বিক্ষোভ প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। এতে করে রাজ্যটিতে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন নতুন করে গতি পাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৬৪৫ ঘ.
bdnews24