বাগদাদ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্নীতির অভিযোগে ইরাকের সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল ফালাহ আল-সুদানিকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। মন্ত্রীকে বহনকারী বিমানটি দুবাইয়ের উদ্দেশে যাত্রা করার প্রায় আধঘণ্টা পর সেটিকে ফিরিয়ে এনে তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক মন্ত্রী সুদানির বিরুদ্ধে শনিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। কিন্ত ততক্ষণে তিনি বিমানে উঠে পড়েন।
ওই বিমানের এক যাত্রী জানিয়েছেন, বিমানটি প্রায় আধা ঘণ্টা উড্ডয়নের পর আবার বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হয়।
যাত্রী আব্দুল মুহসিন সেলিম বলেন, "ক্যাপ্টেন আমাদের বলেন, দুবাই বিমানবন্দরে জট লাগার কারণে তিনি বিমানটি বাগদাদে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন।" বিমানটিতে প্রায় আড়াইশ' যাত্রী ছিল বলে তিনি জানান।
তিনি বলেন, "বাগদাদ বিমানবন্দরে অবতরণের পর দুইজন সাদা পোশাকের পুলিশ তাকে (মন্ত্রী) বিমান থেকে নামিয়ে নিয়ে যায়। তবে তাকে হাতকড়া পরানো হয়নি।"
বিমানবন্দরের এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, সুদানির বিমানটি তিনি রানওয়েতে অবতরণ করতে দেখেছেন। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে নামিয়ে বিমানবন্দরের ভিআইপি কক্ষে নিয়ে আসে।
পার্লামেন্টের 'ইন্টেগরিটি কমিশন' এর প্রধান সাবাহ আল-সাইদি জানান, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি সাবেক মন্ত্রীকে নিয়ে উড়াল দেওয়া বিমানটি ফিরিয়ে আনার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
তিনি সাংবাদিকদের বলেন, "দুর্নীতির অভিযোগ থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না; তিনি যেই হোন না কেন।"
রেশন কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে চলতি মাসেই পদত্যাগ করেন সুদানি। বিশ্বের অন্যতম বৃহৎ এই রেশন কর্মসূচিতে মিলিয়ন মিলিয়ন ডলারের খাদ্য আমদানিতে দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগে ইতোমধ্যেই সুদানির এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানায় জানানো হয়েছে, সরকারি অর্থ তসরুপ ও ক্ষমতার অপব্যবহার করেছেন সুদানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২০২ ঘ.
bdnews24