২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক তদন্তের সুযোগ দেবে না শ্রীলংকা

আন্তর্জাতিক সংস্থাগুলো নয়, শ্রীলংকার আদালতই যুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত কিংবা বিচার করবে। শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিতা বোগোল্লাগামা রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 07:12 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

সিঙ্গাপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক সংস্থাগুলো নয়, শ্রীলংকার আদালতই যুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত কিংবা বিচার করবে। শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিতা বোগোল্লাগামা রোববার একথা বলেছেন। সিঙ্গাপুরে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়া শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী সেখানে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। বোগোল্লাগামা বলেন, "নিজস্ব আইনি কাঠামোসহ একটি স্বাধীন দেশ শ্রীলংকা।" তিনি বলেন, "আমাদের ক্ষমতাকাঠামো খুবই শক্তিশালীভাবে পৃথক এবং বিচার বিভাগ স্বাধীন।" ২৫ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর বিরুদ্ধে এ মাসে বিজয় ঘোষণা করে শ্রীলংকা। রক্তক্ষয়ী এ যুদ্ধে প্রায় লাখখানেক লোক প্রাণ হারিয়েছে এবং কয়েক লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধের চূড়ান্ত দিনগুলোতে সেনা অভিযানে হাজার হাজার বেসামরিক লোকের মৃত্যু এবং মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। এমনকি যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে আসা মানুষরা যেসব শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে সেখানেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্তাগুলো শ্রীলংকায় একটি বহুপাক্ষিক ও স্বাধীন তদন্তের দাবি জানিয়ে আসলেও তার তোয়াক্কা করছে না শ্রীলংকা। গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলোর তীব্র বিরোধিতা সত্ত্বেও শ্রীলংকায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের তদন্ত না করার সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১৮ ঘ.