খোস্ত, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশে তালেবান জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে ন্যাটো ও আফগান পুলিশ বাহিনী। এতে ৩৪ জন তালেবান নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা বলেছেন।
মুখপাত্র হামিদুল্লাহ জাওয়াক বলেছেন, সৈয়দ খান গ্রামে ভোররাতের ন্যাটো-আফগান বাহিনীর অভিযানে মুখোমুখি সংঘর্ষে প্রাথমিকভাবে ১৫ তালেবান যোদ্ধা নিহত হয়। এরপরপরই চালানো বিমান হামলায় নিহত হয় বাকী জঙ্গিরা।
তিনি বলেন, "লড়াই এবং বিমান হামলায় সব মিলিয়ে তালেবান নিহতের সংখ্যা ৩৪। আর ন্যাটো সেনা আহত হয়েছে মাত্র একজন।"
তিনি আরও জানান, অভিযানে পুলিশ এবং বেসামরিক নাগরিক হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
দক্ষিণপূর্ব আফগানিস্তানে ন্যাটোর মুখপাত্র এ অভিযানের কথা নিশ্চিত করে জানিয়েছেন। তবে তিনি তালেবান নিহতের সংখ্যা ২৭ বলে জাানন। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তালেবানদের কোনও মন্তব্য পাওয়া যায়নি এবং নিরপেক্ষ সূত্রে খবরটি যাচাই করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৪ ঘ.
bdnews24