২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির পক্ষে সাক্ষ্য দেওয়ার সুযোগ পাচ্ছে মাত্র একজন

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির বিচারে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার সুযোগ পাচ্ছেন মাত্র একজন। অন্য তিনজন সাক্ষ্য দিতে পারবেন না বলে বুধবার জানিয়ে দিয়েছে জান্তা সরকারের গঠিত আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ইয়াঙ্গুন, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির বিচারে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার সুযোগ পাচ্ছেন মাত্র একজন। অন্য তিনজন সাক্ষ্য দিতে পারবেন না বলে বুধবার জানিয়ে দিয়েছে জান্তা সরকারের গঠিত আদালত। নিজের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য চারজনের নাম জানিয়েছিলেন সু চি। কিন্তু আদালত জানিয়েছে, শুধু আইনজীবী কি উইনই তার পক্ষে সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার তিনি সাক্ষ্য দেবেন। বুধবার শুনানি শেষ হওয়ার পর সু চি'র আইনজীবী নিয়ান উইন বলেন, "এটা খুবই অবিচার।" সু চির মনোনীত অন্য তিন সাক্ষী তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেতা উইন টিন, দলের ভাইস চেয়ারম্যান টিন ও এবং তার পক্ষের এক আইনজীবী সাক্ষ্য দিতে পারবেন না বলে জানিয়েছে আদালত। নিয়ান উইন বলেন, "বিচারকাজ যে দ্রুতগতিতে চলছে তাতে আগামী শুক্রবার আমরা রায় আশা করতে পারি।" বাড়িতে অনুপ্রবেশকারী মার্কিন নাগরিক জন ইয়েত্তাকে বুধবার কুখ্যাত ইনসেইন কারাগারে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। গত মঙ্গলবার সামরিক জান্তা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ৬৩ বছর বয়সী সু চির গৃহবন্দি আদেশ প্রত্যাহার করে নিলেও বিচারের জন্য তাকে এখন ইনসিয়েন কারাগারে বন্দি করে রাখা হয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ান জোটসহ প্রাচ্য ও পাশ্চাত্যের অনেক দেশ ও মানবাধিকার সংগঠন এ বিচারের নিন্দা জানিয়েছ। সর্বশেষ মঙ্গলবার বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে এর নিন্দায় যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে ওবামা বলেন, "আমি ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি মহাসচিব এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি কে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য বার্মা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।" আগে বার্মা নামে পরিচিত মিয়ানমারের জান্তা সরকারকে বোঝাতে তিনি একথা বলেন। মে মাসের শুরুর দিকে বাড়ির সামনের লেক সাঁতরে পার হয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে সু চি'র বাড়িতে ঢোকেন জন ইয়েত্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছিলেন, সু চির জীবন মারাত্মক হুমকির মুখে রয়েছে বলে মনে করে তাকে সে সম্পর্কে অবহিত করতে একাজ করেন তিনি। এ ঘটনায় সু চি ও তার সঙ্গে বাড়িতে অবস্থানকারী দুই নারী সহযোগীর বিরুদ্ধে গৃহবন্দি থাকার শর্তভঙ্গের মামলা করে মিয়ানমারের সামরিক জান্তা। দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে সু চি'র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২১৪ ঘ.