২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণে প্রকম্পিত লাহোর, নিহত ২৪, আহত ৩শ

পাকিস্তানের লাহোরে বুধবার একটি পুলিশ সদরদপ্তরে বন্দুকধারীদের গুলি ও গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০০ মানুষ। বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। সরকার বলছে, এ হামলা তালেবান বিরোধী অভিযানের প্রতিশোধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের লাহোরে বুধবার একটি পুলিশ সদরদপ্তরে বন্দুকধারীদের গুলি ও গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০০ মানুষ। বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। সরকার বলছে, এ হামলা তালেবান বিরোধী অভিযানের প্রতিশোধ। হামলার দায় কেউ স্বীকার করেনি। সোয়াতে সেনা অভিযানের প্রতিবাদে হামলার হুঁশিয়ারি এবং মঙ্গলবার মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল ডেভিড পেত্রাউস ইসলামাবাদে সরকার ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর এ বোমা হামলা হল। কর্মকর্তারা হামলাটিকে আত্মঘাতী হামলা বলেছেন। এতে একটি সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বভন উড়ে গেছে এবং কাছ্কাাছি সেনাবাহিনীর প্রধান গোয়েন্দা সংস্থার অফিস ধ্বংস হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা হামলায় ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার কথা জানিয়েছে। তারা জানায়, ওই সংস্থার কার্যালয়ই হামলার টার্গেট হয়ে থাকতে পারে। লাহোরের শীর্ষ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ ভুট্ট বলেছেন, ২৪ জন নিহত হয়েছে। তিনি বলেন, বোমায় প্রায় ১০০ কেজি বিস্ফোরক ব্যবহৃত হয়েছে। এর আগে লাহোরের আরেক নগর কর্মকর্তা খসরু পারভেজ খান হামলায় ২২ জন নিহত এবং ২৫৮ জন আহত হওয়ার কথা জানান। উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন আরেকজন নগর কর্মকর্তা। এনডিটিভি বুধবার সকালে জানায়, মল রোডের সিভিল লাইনসে শক্তিশালী বোমাটির বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে পুরো নগরী। বিস্ফোরণের পর সেখানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। টেলিভিশন চ্যানেলটি প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ বলে জানলেও পরে তা ২৩ বলে জানায়। বিবিসি এ ঘটনায় নিহতের সংখ্যা ২৩ জন বলে জানিয়েছে। ঘটনাস্থলটি লাহোর উচ্চ আদালত এবং পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনের কাছেই। বিস্ফোরণের প্রচণ্ডতায় আশপাশের বহুসংখ্যক ভবনের কাচ ভেঙে যায়। রাস্তায় থাকা অনেক যানবাহন বিধ্বস্ত হয়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুলিশ কমান্ডোরা আশপাশের বিভিন্ন ভবনে অবস্থান নেয় এবং ঘটনাস্থলে সেনাবাহিনী তলব করা হয়। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআই জানিয়েছে, আইএসআই এর পাঞ্জাব সদর দপ্তর ওই হামলার লক্ষ্য হয়ে থাকতে পারে। লাহোরের মল রোডের সিভিল লাইনস এলাকাটিতে বহু অফিস আদালতের মধ্যে আইএসআই এর পাঞ্জাব দপ্তরও রয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানায়, বিস্ফোরণের আগে গোলাগুলি হয়। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি হামলার নিন্দা জানিয়েছেন। জারদারি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ডেকেছেন। তার কার্যালয় থেকে বলা হয়েছে, জঙ্গিরা দৌড়ের ওপর রয়েছে এবং আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৫ ঘ.