কাবুল, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে বন্দিশালায় ৬ বছর ধরে বন্দি থাকা আফগান তরুণ মোহাম্মদ জাওয়াদকে যখন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ১২ বছরের মতো। মার্কিন কাগজপত্রে থাকা রেকর্ড অনুসারে ১৬ বা ১৭ নয়। আফগানিস্তানের একটি মানবাধিকার সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে।
'আফগান ইনডেপেনডেন্ট হিউম্যান রাইটস' নামে ওই সংস্থার কমিশনার নাদের নাদেরি বলেন, জাওয়াদকে যে শুধু অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বন্দি রাখা হয়েছিল তাই নয় আটকের পর আফগান পুলিশ এবং পরে গুয়ানতানামোতে নির্যাতন ও নিগ্রহের শিকার হতে হয়েছে তাকে।
গুয়ানতানামো থেকে জাওয়াদের মুক্তি এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের এই মানবাধিকার কমিশন। এ প্রক্রিয়া নিয়ে কাজ করতে গিয়েই তারা আবিষ্কার করেন, যখন জাওয়াদকে বন্দি করা হয় তখন রেকর্ডে থাকা বয়সের চেয়ে সম্ভবত তার বয়স অনেক কম ছিল।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগান মানবাধিকার কমিশনের দাবির সঙ্গে একমত নয় এবং তাদের দাবি গুয়ানতানামোতে স্থানান্তরের সময় জাওয়াদের বয়স ছিল ১৮ বছর।
পেন্টাগনের মুখপাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কামান্ডার জে. ডি. গর্ডন বলেন, "হাড়ের স্ক্যানসহ অনেকগুলো বিষয়ের ওপর ভিত্তি করে সরকার এটা বলে আসছে যে, ২০০৩ সালে গুয়ানতানামোতে পৌঁছানোর সময় তার বয়স ছিল ১৮ বছর।"
২০০২ সাল রাজধানী কাবুলে একটি গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সন্দেহে জাওয়াদকে আটক করে আফগান পুলিশ। ওই হামলায় দুই মার্কিন সেনা এবং তাদের এক আফগান দোভাষী আহত হয়। আটকের দিনই তাকে মার্কিন নিরাপত্তা হেফাজতে দিয়ে দেওয়া হয় এবং ২০০৩ সালেরর শুরুর দিকে তাকে গুয়ানতানামোতে স্থানান্তর করা হয়।
জাওয়াদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং তাদের সঙ্গে আলাপচারিতায় মানবাধিকার কমিশন জানতে পারে, ২০০২ সালে আটক হওয়ার সময় তার বয়স সম্ভবত ১৩ বছরও ছিল না।
অন্যান্য সাধারণ আফগান পরিবারের মতোই জাওয়াদের পরিবারের সদস্যরাও তার সঠিক জন্মতারিখ বা সাল বলতে পারে না।
মানবাধিকার কমিশনার নাদেরি রয়টার্সকে বলেন, "আমি জাওয়াদের মা কে জিজ্ঞাসা করলাম ওর জন্মের সময়ের কোন বড় ঘটনাটা আপনার মনে আছে... এই ধরুন প্রেসিডেন্ট বদল হওয়া বা এরকম কিছু। উত্তরে তিনি জানালেন যে, বাবার মৃত্যুর ছয়মাস পরে জন্ম নেয় জাওয়াদ।"
তিনি বলেন, "আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি কখন জাওয়াদের বাবা মারা গিয়েছিল এবং জানতে পারি যে খোস্তে একটা যুদ্ধে মারা গিয়েছিল তার বাবা।"
মানবাধিকার কমিশন জাওয়াদের পরিবারের এই গল্প নিয়ে অনেকদূর এগোয়। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন এবং জাওয়াদের বাবার সঙ্গে যুদ্ধ করেছিলেন এমন একজন সেনারও সাক্ষাৎকার নিতে সক্ষম হয় তারা।
ওই সেনা জাওয়াদের বাবার কমান্ডার ছিলেন। তিনি জানান খোস্তের যে যুদ্ধে জাওয়াদের বাবা মারা যান তা হয়েছিল ১৯৯১ সালে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে জাওয়াদের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানাতে আফগান সুপ্রিম কোর্টে জাওয়াদের পক্ষে একটি আবেদন দাখিল করেছে মানবাধিকার কমিশন।
ওদিকে, জাওয়াদের পক্ষে পেন্টাগন থেকে নিযুক্ত আইনজীবী, যুক্তরাষ্ট্রের মেরিন সেনা মেজর এরিক মোনটালভো বলেন, জাওয়াদের মায়ের বক্তব্য সঠিক হলে আটকের সময় সে অপ্রাপ্তবয়স্ক ছিল এবং তার মক্কেলকে মুক্তি দেওয়া উচিত।
কাবুলে এক সংবাদ সম্মেলনে মোনটালভো বলেন, "আমাদের কাছে আফাগানিস্তানের একটি শিশু রয়েছে যাকে ভুলবশত ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে ফিরিয়ে দেওয়া প্রয়োজন। প্রায় সাত বছরের কারাজীবনে সে নির্যাতিত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৪৮ ঘ.
bdnews24