২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার উত্তরাঞ্চলে আগস্টে স্থানীয় নির্বাচনের পরিকল্পনা

শ্রীলংকা তামিল টাইগারদের এতদিন দখল করে রাখা অঞ্চলগুলোতে নির্বাচন দেওয়ার প্রথম স্পষ্ট ঘোষণা দিয়েছে সোমবার। সরকার জানিয়েছে, সামরিক বিজয়কে রাজনৈতিকভাবে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জাফনা ও ভাবুনিয়ায় প্রথমে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে অন্যান্য নির্বাচন করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

কলম্বো, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকা তামিল টাইগারদের এতদিন দখল করে রাখা অঞ্চলগুলোতে নির্বাচন দেওয়ার প্রথম স্পষ্ট ঘোষণা দিয়েছে সোমবার। সরকার জানিয়েছে, সামরিক বিজয়কে রাজনৈতিকভাবে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জাফনা ও ভাবুনিয়ায় প্রথমে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে অন্যান্য নির্বাচন করা হতে পারে। গত সপ্তাহে দেশটিতে ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানের পর বিদেশি সরকারগুলোও ওই অঞ্চলে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য শ্রীলংকার ওপর চাপ দিয়ে আসছে। সরকারের তথ্যবিভাগের পরিচালক আনুশা পালপিতা বলেন, "দেশের উত্তরাঞ্চলে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে" সরকার নির্বাচন কমিশনকে আগামী ৮ আগস্ট নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়েছে। সেখানে অন্যান্য নির্বাচনও দেওয়া হতে পারে। শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে অনেক দিন থেকে বলে আসছেন, উত্তরে যুদ্ধ শেষ হলে প্রথম কাজ হবে নির্বাচন দেওয়া। সেনাবাহিনী ২০০৭ সালে তামিল টাইগারদের কাছ থেকে পুর্বাঞ্চলীয় প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানেও তাই করা হয়েছিল। শ্রীলংকার উত্তর ও পূর্বাঞ্চলের ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকা তামিল টাইগারদের দখলে ছিল অনেক দিন। রাজাপাকসে ২০০৬ সালের আগস্টে তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর টাইগারদের পতন ঘটতে থাকে। এক সপ্তাহ আগে ভেলুপিল্লাই প্রভাকরণসহ টাইগারদের মূল নেতৃত্বকে হত্যার মাধ্যমে শ্রীলংকা পূর্ণবিজয় ঘোষণা করে। বিশ্লেষক ও প্রেসিডেন্টের মিত্ররা মনে করছেন, সামরিক বিজয়ের সাফল্যকে কাজে লাগাতে রাজাপাকসে এই বছরেই আগাম নির্বাচন দিতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৫ ঘ.