সিউল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া সোমবার ভূ-গর্ভে পরমাণু বোমা পরীক্ষা চালিয়েছে। এর কয়েকঘণ্টা পরেই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ পরমাণু বোমা পরীক্ষা চালানোর খবর জানানোর পর দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক ডেকেছে। যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত একথা জানিয়েছেন।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায়, "পুরোপুরি আত্মরক্ষার প্রত্যয়ে নিজেদের পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ২৫ মে ভূ-গর্ভে আরও একটি পরমাণু পরীক্ষা চালিয়েছে (উত্তর কোরিয়া)।"
রাশিয়া বলেছে, ১৯৪৫ সালে ২য় বিশ্বযুদ্ধের শেষদিকে জাপানের নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের ফেলা পরমাণু বোমার সমান শক্তিসম্পন্ন পরমাণু বোমা পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ২০০৬ সালের অক্টোবরে প্রথম পরমাণু বোমা পরীক্ষা চালিয়েছিল।
আঞ্চলিক শক্তিগুলো বড় ধরনের সাহায্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি পরিহারের জন্য চাপ দিয়ে আসছে। তাদের সঙ্গে কয়েক বছর ধরে উত্তর কোরিয়া সময়ে সময়ে অলোচনায় বসে আবার কখনও আলোচনা পরিহার করে দ্বিতীয়বারের মতো পরমাণু এই পরীক্ষা চালাল।
ইয়োনহাপ বার্তা সংস্থা কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, পরমাণু বোমা পরীক্ষার কয়েক ঘন্টা পরই তিনটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া উত্তেজনা আরও বাড়িয়েছে। উত্তর কোরিয়ার পূর্ব-উপকূলীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র মুসুদান-রি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
ওদিকে, কেসিএনএ জানিয়েছে, বিস্ফোরণী শক্তি এবং প্রযুক্তির দিক থেকে নিরাপদে ভূ-গর্ভে উচ্চ মাত্রার নতুন পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা স্থলের কাছাকাছি স্থানে তারা ৪ দশমিক ৭ মাত্রার ভূ-কম্পন টের পেয়েছে।
তবে পরমাণু পরীক্ষা কতখানি সফল হয়েছে তা আগেভাগেই বলা যাচ্ছে না। কারণ, ২০০৬ সালের অক্টোবরে চালানো পরীক্ষাটি আংশিক সফল হয়েছিল বলেই মনে করা হয়ে থাকে।
জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি তাকেও কাওয়ামুরা বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন।
ওদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন উত্তর কোরিয়াকে 'বিশ্বের জন্য বিপদ' আ্যখ্যা দিয়েছেন। রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এ পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, "সব দেশের জন্যই এটি একটি গভীর উদ্বেগের ব্যাপার।"
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর পররাষ্ট্রনীতি প্রধান হ্যাভিয়ার সোলানা পরমাণু পরীক্ষাকে 'দায়িত্বজ্ঞানহীন' বলেছেন। তবে আন্তর্জাতিক স
bdnews24