রাবাত, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মরোক্কোর রাজধানী রাবাতের একটি ফুটবল স্টেডিয়ামে রোববার সকালে কনসার্ট শেষের পর দর্শকদের হুড়োহুড়িতে পদপিষ্ঠ হয়ে ১১ জন নিহত হয়েছে। এদের ৫ জন নারী, ৪ জন পুরুষ এবং ২ জন কিশোর। আহত হয়েছে আরও ৪০ জন।
সপ্তাহব্যাপী বার্ষিক মাওয়াজিন মিউজিক উৎসব উপলক্ষে রাবাতের 'হে নাহদা' ফুটবল স্টেডিয়ামে মরোক্কোর পপ তারকা আব্দেলআজিজ স্টাটি'র কনসার্ট আয়োজন করা হয়েছিল। এতে প্রায় ৭০ হাজার দর্শক সমাগম হয়। কনসার্ট শেষে দর্শকরা তাড়াহুড়ো করে স্টেডিয়াম থেকে বেরোনোর সময় পদপিষ্ঠ হয়ে হতাহতের ওই ঘটনা ঘটে।
উত্তর আফ্রিকার এই মুসলিম দেশটিতে সহিষ্ণুতা এবং আধুনিকতার ভাবমূর্তি গড়ে তোলাই মাওয়াজিন মিউজিক উৎসবের উদ্দেশ্য। কিং মোহাম্মেদের পৃষ্ঠপোষকতা এবং বিপুল অর্থায়নে এ উৎসব পালিত হয়ে থাকে।
তবে মরোক্কোর ইসলামপন্থি রাজনীতিবিদরা এই পপ কনসার্টকে অনৈতিক আচরণ উৎসাহিত করার নামান্তর বলে এর নিন্দা করে আসছেন। তারা এই কনসার্টের অর্থ কর্মসংস্থান সৃষ্টিতে ব্যয়ের পক্ষপাতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৬ ঘ.
bdnews24