নয়াদিল্লি, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য পাকিস্তানকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। আর এজন্য নিজেদের দেশে জঙ্গিদের নির্মূল করতে হবে পাকিস্তানকে। ভারতের নতুন জোট সরকার শনিবার একথা বলেছে।
নতুন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ বলেন, "নিজেদের মাটিতে ঘাঁটি গেড়ে বসা জঙ্গিদের অবকাঠামো গুড়িয়ে দিতে পাকিস্তানকে অবশ্যই কঠোর ও গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে হবে।" পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের নাম ঘোষিত হওয়ার পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা বরাবর নাকচ করে আসছে ভারত। গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে ভারত।
কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী কৃষ্ণ বলেন, "প্রতিবেশীদের সঙ্গে আমরা শান্তিতে থাকতে চাই এবং আমরা সে চেষ্টাই করছি।"
"পাকিস্তানের জন্য বন্ধুত্বের এবং অংশিদারিত্বের হাত এগিয়ে দিতে আমরা প্রস্তুত।"
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে বিশাল জয় এবং হিন্দু জাতীয়তাবাদীদের দুর্বল অবস্থানের কারণে কংগ্রেস নেতৃত্বাধীন জোট চাইলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সহজ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসএম/২২২০ ঘ.
bdnews24