ইয়াঙ্গুন, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি'র বাড়িতে অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের নাগরিক সামরিক জান্তার ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে সরকার-বিরোধীদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। মিয়ানমারের জান্তা সরকার শুক্রবার একথা বলেছে।
জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী নে উইন বলেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় কয়েকটি দেশ মিয়ানমারের প্রতি তাদের নীতি পুনপর্যালোচনার সময়টিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।
তিনি এ ঘটনার জন্য দেশের ভেতরে-বাইরের সরকার বিরোধী চক্রকে দায়ী করে বলেন, তারা চায় না যে, ওই দেশগুলোর মিয়ানমার নীতির ইতিবাচক পরিবর্তন হোক।
সু চির বিচারের ঘটনায় মিয়ানমার নীতি পুনপর্যালোচনার সময়টিতেই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওদিকে, ইইউ'ও মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।
বিচারের ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা আমেরিকান নাগরিক বলেছেন, সু চি বিপদে আছে 'মনেকরেই' সাঁতরে লেক পার হয়ে তার বাড়িতে ঢুকেছিলেন তিনি। সু চি'র আইনজীবী বৃৃহস্পতিবার একথা বলেছেন।
তার ওই 'কাণ্ডের' পর সু চির বিরুদ্ধে গৃহবন্দি থাকার শর্ত ভঙ্গের মামলা করা হয়। সমালোচকরা জান্তা সরকারের এ পদক্ষেপকে ২০১০ সালের নির্বাচনের পর পর্যন্ত সু চিকে আটক রাখার ষড়যন্ত্র বলে নিন্দা করেছেন। বিচারে দোষী সাব্যস্ত হলে শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রীর পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৫৩ বছর বয়সী ওই মার্কিনিকে গ্রেপ্তারের পর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাকে বৈঠকের সুযোগ দেওয়া হয়। কিন্তু তিনি তার উদ্দেশ্য সম্পর্কে রাষ্ট্রদূতকে কিছুই বলেননি।
সু চির আইনজীবী বলেছেন, সু চি ওই ব্যক্তিকে আমন্ত্রণ জানাননি এবং তার কোনো কাজের জন্যও সু চি দায়ী হতে পারেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৬ ঘ.
bdnews24