২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সু চি বিপদে আছে মনে করে বাড়িতে ঢুকেছিলাম'

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি'র বিচারের ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা আমেরিকান নাগরিক বলেছেন, সু চি বিপদে আছে 'মনেকরেই' সাঁতরে লেক পার হয়ে তার বাড়িতে ঢুকেছিলেন তিনি। সু চি'র আইনজীবী বৃৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ইয়াঙ্গুন, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি'র বিচারের ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা আমেরিকান নাগরিক বলেছেন, সু চি বিপদে আছে 'মনেকরেই' সাঁতরে লেক পার হয়ে তার বাড়িতে ঢুকেছিলেন তিনি। সু চি'র আইনজীবী বৃৃহস্পতিবার একথা বলেছেন। মার্কিন নাগরিক জন ইয়েত্তা কেন সু চির বাড়িতে ঢুকেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল সে সম্পর্কে এই প্রথম কিছু জানা গেল। তার ওই 'কাণ্ডের' পর সু চির বিরুদ্ধে গৃহবন্দি থাকার শর্ত ভঙ্গের মামলা করা হয়। বিচারে দোষী প্রমাণিত হলে শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রীর পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। সু চি'র দলের মুখপাত্র এবং এবং তার আইনজীবী দলের সদস্য নিয়ান উইন জানান, মঙ্গলবার আদালতে এক পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করার সময় এ মন্তব্য করেন ইয়েত্তা। ওই পুলিশ কর্মকর্তা ইয়েত্তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করেছিলেন। পুলিশ কর্মকর্তাটিকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ইয়েত্তা তার আইনজীবীকে অনুরোধ করেন। প্রশ্নটি ছিল, "আপনার কি মনে আছে জিজ্ঞাসাবাদের সময় আমি আপনাকে বলেছিলাম, তার জীবন বিপদাপন্ন হয়ে উঠতে পারে বলে মনে করছি আমি।" আদালত অবশ্য প্রশ্নটি জিজ্ঞাসা করার অনুমতি দেয়নি। নিয়ান উইন জানান, ইয়েত্তা বলেছেন, "আমি মিয়ানমারে এসেছি মিয়ানমারের কর্তৃপক্ষ এবং অং সান সু চি-কে ওই বিপদ সম্পর্কে সতর্ক করতে।" মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৫৩ বছর বয়সী ওই মার্কিনিকে গ্রেপ্তারের পর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাকে বৈঠকের সুযোগ দেওয়া হয়। কিন্তু সে তার উদ্দেশ্য সম্পর্কে রাষ্ট্রদূতকে কিছুই বলেননি। সু চির আইনজীবী বলেছেন, সু চি ওই ব্যক্তিকে আমন্ত্রণ জানাননি এবং তার কোনো কাজের জন্যও সু চি দায়ী হতে পারেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৯১১ ঘ.