ওয়াশিংটন, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত বর্ধিত সাহায্য দেশটির পরমাণু কর্মসূচিকে শক্তিশালী করার কাজে ব্যবহার করা হবে না বলে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার একথা বলেছেন। (আরও তথ্যসহ)
নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি এই সপ্তাহে এক প্রতিবেদনে জানায়, মার্কিন আইনপ্রণেতাদের এক গোপন বৈঠকে অবহিত করা হয়েছে যে, পাকিস্তান সোয়াতে তালেবানি সহিংসতা দমনের পাশাপাশি তার পরমাণু সক্ষমতা বাড়াতে দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে। এই খবরে আইনপ্রণেতাদের মধ্যে মার্কিন তহবিল অন্য খাতে ব্যবহারের উদ্বেগ সৃষ্টি হয়।
গত দুই বছর ধরে জঙ্গি সহিংসতা বেড়ে যাওয়ায় পাকিস্তানের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের পাশাপাশি এর পরমাণু অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। ধারণা করা হয় পাকিস্তানের কাছে ২৫ থেকে ৫০টির মতো পরমাণু যুদ্ধাস্ত্র রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি বুধবার পাকিস্তানের জন্য আগামী পাঁচ বছরের জন্য দেশটিকে প্রতি বছর ১৫০ কোটি ডলার করে অর্থনৈতিক সাহায্য অনুমোদন করেছে। এ তহবিলের মধ্যে পাকিস্তানের বিদ্যালয়, বিচার বিভাগ, পার্লামেন্ট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জন্যও বরাদ্দ রয়েছে।
একইসঙ্গে আগামী পাঁচ বছরের প্রতি বছরে পাকিস্তানকে ৪০ কোটি ডলার সমারিক সাহায্য দেওয়ার কথাও বলা হয়েছে এ প্রস্তাবে।
এ সাহায্য প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাস হয়ে সিনেটে যাবে এবং তারপর প্রেসিডেন্টের অনুমোদন লাভ করবে।
পররাষ্ট্রমন্ত্রী হিলারি আইনপ্রণেতাদের বলেন, "আমরা খুবই স্পষ্ট, খুবই দৃঢ় এবং নিশ্চিত যে আমাদের কোনো সাহায্যই কোনোভাবেই পরমাণু ভাণ্ডার নিয়ে পাকিস্তানের চেষ্টার সঙ্গে সম্পর্কিত হবে না।"
তিনি আরও বলেন, "আমরা আমাদের সাহায্যের কোনোপ্রকার লক্ষ্যচ্যুতি না দেখতে প্রতিশ্র"তিবদ্ধ।"
অবশ্য পাকিস্তান তার পরমাণু ভাণ্ডার বাড়াচ্ছে কি না সে বিষয়ে কিছু বলেননি হিলারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইবি/১৭০৫ ঘ.
bdnews24