২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পর এবার তুরস্কে এইচ১এন১ ফ্লু'র সংক্রমণ

ভারতের পর একইদিনে তুরস্কও এইচ১এন১ ফ্লু সংক্রমণের কথা নিশ্চিত করেছে শনিবার। দুই দেশেই এ ভাইরাস সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বিমানযোগে আসা যাত্রীদের মাধ্যমে। দেশদুটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ইস্তাম্বুল, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের পর একইদিনে তুরস্কও এইচ১এন১ ফ্লু সংক্রমণের কথা নিশ্চিত করেছে শনিবার। দুই দেশেই এ ভাইরাস সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বিমানযোগে আসা যাত্রীদের মাধ্যমে। দেশদুটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। এ নিয়ে এই ফ্লুতে আক্রান্ত দেশের সংখ্যা ৩৮ এ উন্নীত হল। গত মাসে মেক্সিকো থেকে ছড়িয়ে পড়তে শুরু করে এ ভাইরাসটি। সোয়াইন ফ্লু নামে পরিচিতি লাভ করা শূকর, মানুষ ও পাখির ভাইরাসের সংমিশ্রণে সৃষ্ট নতুন এ এইচ১এন১ ভাইরাসের বৈশ্বিক মহামারীর আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৫ মাত্রার মহামারী সতর্কতা জারি করে। এ সতর্কতা সঙ্কেতের সর্বোচ্চ ধাপ ৬ মাত্রা। ওদিকে, জাপানের পশ্চিমাঞ্চলীয় কোব নগরীর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লুর বিস্তারের আশঙ্কায় এক সপ্তাহের জন্য সেখানকার স্কুলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আট স্কুল শিক্ষার্থীর ফ্লু সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়ার পর তারা এ সিদ্ধান্ত নেন। দেশের বাইরে যায়নি এমন নাগরিকদের মধ্যে জাপানে ফ্লু সংক্রমণের প্রথম ঘটনা এটি। সংক্রামিত ওই আটজনের মধ্যে তিনজন একই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপর পাঁচজন আরেকটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। জাপানের কিয়োডো বার্তা সংস্থা একথা জানিয়েছে। নতুন এ দেশগুলোতে ফ্লু সংক্রমণের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত সহকারি মহাপরিচালক কেইজি ফুকুদা বলেছেন, "আমরা খুবই সতর্কতার সঙ্গে এসব ঘটনা পর্যালোচনা করছি।" জাপানে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনায় এইচ১এন১ ভাইরাসের বিস্তারকে পূর্ণমাত্রার মহামারী ঘোষণা করা হবে কি না সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি। এর আগে শনিবার হায়দ্রাবাদে এক ব্যক্তির শরীরে নতুন ধরনের এই ভাইরাস পাওয়ার কথা জানায় ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ভিনিত চৌধুরী শনিবার বলেন, "তিনি একজন ভারতীয়। বিমানবন্দরে তাকে পরীক্ষার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীর থেকে নেওয়া নমুনা পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়েছে।" আক্রান্ত ব্যক্তির নামপরিচয় প্রকাশ করা হয়নি। চৌধুরী জানান, এই ভারতীয় দুবাই থেকে হায়দ্রাবাদে আসেন। তার ঘনিষ্ঠজনদেরও আলাদা করে স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। একই উড়োজাহাজে আসা তার সহযাত্রীদের স্বাস্থ্যের ওপরও নজর রাখা হচ্ছে। তুরস্কে এই ফ্লু সংক্রমণের কথা জানা যায় শনিবার রাতে। যুক্তরাষ্ট্র থেকে তুরস্ক হয়ে ইরাক যাওয়ার সময় একটি পরিবারের দুইজনের শরীরে এ ভাইরাস পাওয়া যায়। স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানান। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী রিসেপ আকদাগ জানান, ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে আসার পর থার্মাল ক্যামেরায় ইরাকি-আমেরিকান পরিবারটির ২৬ বছর বয়সী এক তরুণের দেহে উচ্চ তাপমাত্রা ধরা পড়লে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে এইচ১এন১ ফ্লু সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। পরিবারটির অন্যান্যদের স্বাস্থ্য পরীক্ষায় তার মায়ের শরীরেও এ ভাইরাস পাওয়া গেছে। ইরাকি-আমেরিকান পরিবারটিকে আলাদা করে রেখে তাদের সবার স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে এবং ভাইরাস নিরাময়ের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারটি যে বিমানে করে ইস্তাম্বুলে আসে তার ১৬৩ আরোহীর বেশিরভাগকেই স্বাস্থ্য নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানান মন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বব্যাপী ৮,৪৫১ জনের এইচ১এন১ ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। এতে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৭২জন। এ ভাইরাসের উৎস মেক্সিকোয় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, ৬৮ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে ৫জন এবং কানাডা ও কোস্টারিকায় ১জন করে মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১০ ঘ.