সউল, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোরিয়া সীমান্তে যৌথ কায়েসং শিল্পপার্ক নিয়ে দক্ষিণ কোরিয়ার আলোচনার অনুরোধ প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং শুক্রবার জানিয়েছে, তারা ওই পার্কের ভাড়া, মজুরি ও কর সংক্রান্ত যাবতীয় চুক্তি বাতিল করছে।
দক্ষিণ কোরিয়া কায়েসং শিল্পপার্ক নিয়ে বিরল আলোচনায় বসার অনুরোধ জানানোর কয়েকঘন্টা পরই উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা ওই নোটিশ দিয়েছে।
দুই কোরিয়ার মধ্যে এই পার্কটিই একমাত্র বড় ধরনের অর্থনৈতিক বন্ধন এবং দারিদ্র পীড়িত উত্তর কোরিয়ার জন্য বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস।
বর্তমান সময়ে এই পার্ক নিয়ে দু'দেশ সংঘাতে জড়িয়েছে। পার্কটিতে দক্ষিণ কোরিয়ার এক কর্মীকে আটকে রেখেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার কমিউনিস্ট পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে আটকে রেখেছে পিযংইয়ং। দক্ষিণ কোরিয়া অবিলম্বে ওই কর্মীর মুক্তি দাবি করেছে।
ওই কর্মীর নিরাপত্তাকে অগ্রধিকার দিয়েই দক্ষিণ কোরিয়া উত্তরের সঙ্গে আলোচনা চাইছে।
কিন্তু উত্তর কোরিয়ার কায়েসং ব্যবস্থাপনা কার্যালয় থেকে দক্ষিণ কোরিয়ায় পাঠানো একটি চিঠির উদ্ধৃতি দিয়ে কেসিএনএ বার্ত সংস্থা জানিয়েছে, "আমরা দক্ষিণ কোরিয়ার অনুকূলে যাওয়া সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও চুক্তি বাতিল করছি।"
চিঠিতে আরও বলা হয়, উত্তর কোরিয়া নতুন বিধি-বিধান কার্যকর করবে এবং কয়েসং ভিত্তিক দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানি ও কর্মকর্তাদেরকে আমরা যা বলব তা নিঃশর্তে মেনে নিতে হবে। অন্যথায় তাদেরকে পার্ক ছেড়ে চলে যেতে হবে।"
এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "এ পদক্ষেপ কায়েসং পার্কের স্থিতিশীলতার জন্য আদতেই একটি হুমকি। আমরা কখনওই তা মেনে নিতে পারি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24