ইয়াঙ্গুন, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন অভিযোগে মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র বিচারের উদ্যোগ নেওয়ায় সামরিক জান্তা সরকারের তীব্র সমালোচনা করেছে পশ্চিমা বিশ্ব। তবে এ নিয়ে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো খুব বেশি উচ্চবাচ্য করছে না। অন্যদিকে, সু চি'র বিচারের খবরে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
বাড়িতে মার্কিন নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দি থাকাকালীন আইন ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার সু চি'র বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মিয়ানমার সরকার। আগামী সোমবার সু চির বিচার শুরু হবে।
সু চি'র বাড়ির কাছ থেকে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গত সপ্তাহে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। এরপর জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তি জানান তিনি সু চি'র বাড়িতে দু'দিন ছিলেন।
শান্তিতে নোবেল বিজয়ী সু চি'র বিচার কার্যক্রম শুরু করায় মিয়ানমারের সামরিক জান্তার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জান্তা সরকার ১৯৬২ সাল থেকে মিয়ানমার শাসন করছে।
অবিলম্বে সু চির মুক্তির দাবি জানাতে মিয়ানমারের প্রতিবেশী চীন, ভারত এবং আসিয়ানের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। মিয়ানমারের সঙ্গে জোর অর্থনৈতিক সম্পর্ক আছে চীন ও ভারতের।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, "মার্কিন নাগারিকের অনুপ্রবেশের ঘটনাকে কাজে লাগিয়ে সু চিকে মিয়ানমারের কুখ্যাত কারাগারে নিয়ে যাওয়ার সুযোগ নিয়েছে সামরিক জান্তা।"
ওদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল ব্যারোসো এক বিবৃতিতে বলেছেন, "মিয়ানমার কর্তৃপক্ষ (নোবেল শান্তি পুরস্কার বিজয়ী) অং সান স ুচি কে গ্রেফতার করায় এবং তার বিরুদ্ধে গৃহবন্দি থাকাকালীন আইন ভঙ্গের অভিযোগ আনায় আমি অত্যন্ত মর্মাহত।"
তিনি আরও বলেন, "আসলে তাকে গ্রেপ্তার করার পরিবর্তে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়া উচিত। কারণ, সতাকে গৃহবন্দি করে রাখাটা জাতিসংঘ নির্ধারিত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।"
অন্যদিকে, সু চির বিরুদ্ধে অভিযোগ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরুর খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
জাতিসংঘের মুখপাত্র ম্যারি ওকাবে সাংবাদিকদের বলেন, "অপরাধের অভিযোগে বিচার করার জন্য সু চিকে ইনসেইন কারাগারে নিয়ে যাওয়ায় মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।"
তিনি জানান, বান মনে করেন মিয়ানমারের সংহতি সংলাপের জন্য সু চি খুবই গুরুত্বপূর্ণ। সংলাপ প্রক্রিয়া ব্যহত হতে পারে, এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বান।
সু চি'র আইনজীবি কে উইন বৃহস্পতিবার জানান, এই ঘটনায় দোষী সাব্যস্ত হলে সু চি'র পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। সু চি বর্তমানে ছয় বছর মেয়াদে বন্দি আছেন। আগামী ২৭ মে এই ছয় বছরের মেয়াদ শেষ হবে।
তিনি রয়টার্সকে আরো বলেন, "বিশেষ শাখার কর্মকর্তারা তাকে জানিয়েছেন, সু চি এবং তার দুই সহযোগীকে অভিযুক্ত করা হবে।"
দলীয় কর্মীরা অভিযোগ করেছেন, সামরিক জান্তার প্রতিশ্র"ত ২০১০ সালের নির্বাচন থেকে সু চিকে সরিয়ে রাখতে ষড়যন্ত্রমূলকভাবে এই বিচার করা হচ্ছে।
ইয়াংগুনের ইনসেইন কারাগারে এই বিচার হবে। বৃহস্পতিবার সু চি ও তার অন্য দুই সহযোগীকে সেখানে নেওয়া হয়।
কি উইন জানান, সু চির বিরুদ্ধে আইনের ২২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হতে পারে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড থেকে রাষ্ট্রকে রক্ষার বিধান আছে এই ধারায়। ১০ এর (বি) ধারায় গৃহবন্দি থাকা অবস্থায় কেউ এই আইন ভঙ্গ করলে তার ৩ থেকে ৫ বছরের জেল হতে পারে।
সু চি'র বাড়ির কাছ থেকে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গত সপ্তাহে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। ইয়াঙ্গুনে সু চি'র বাড়ির কাছের লেকে সাঁতার কাটার সময় তাকে গ্রেপ্তার করা হয়। জন উইলিয়াম ইয়েত্তো নামের ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের জানান, টুরিস্ট ভিসা নিয়ে মিয়ানমারে গেছেন তিনি।
ইয়েত্তো আরও দাবি করেন, সাঁতরে ওই লেকটি পার হয়ে তিনি গোপনে সু চির বাড়ির কম্পাউন্ডে ঢোকেন এবং দুদিন সেখানে ছিলেন।
তবে, সু চি'র বাড়ির সঙ্গে পরিচিতরা বলেন, তার অজ্ঞাতে সেখানে দুই দিন অবস্থান করা অনেকটাই অসম্ভব। সামরিক জান্তার অনুমতি ছাড়া সু চি'র সঙ্গে কেউ দেখা করার সুযোগ পায় না।
শান্তিতে নোবেল বিজয়ী সু চি ১৯৯০ সালে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করলেও সামরিক নেতৃত্ব তাকে ক্ষমতায় যেতে দেয়নি। তখন থেকে পরবর্তী ১৯ বছরের প্রায় ১৩ বছরই কারাগারে কিংবা গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন সু চি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১২৩৫ ঘ.
bdnews24