২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় লেগুন পার হয়ে পালিয়েছে কয়েক হাজার তামিল

শ্রীলংকায় গোলাগুলির মুখে কয়েক হাজার বেসামরিক তামিল বৃহস্পতিবার একটি লেগুন পার হয়ে যুদ্ধাঞ্চল থেকে পালিয়েছে। শ্রীলংকার সেনাবাহিনী জানিয়েছে, বিমান থেকে তোলা ছবির মাধ্যমে তারা প্রায় ৫ হাজার লোকের লেগুনটি পার হয়ে পালানোর ব্যাপারে নিশ্চিত হয়েছে। উপকূলীয় একটি ক্ষুদ্র বেলাভূমিতে এই লোকরা তামিল টাইগারদের সঙ্গে এতদিন অবরুদ্ধ হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

কলোম্বো, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় গোলাগুলির মুখে কয়েক হাজার বেসামরিক তামিল বৃহস্পতিবার একটি লেগুন পার হয়ে যুদ্ধাঞ্চল থেকে পালিয়েছে। শ্রীলংকার সেনাবাহিনী জানিয়েছে, বিমান থেকে তোলা ছবির মাধ্যমে তারা প্রায় ৫ হাজার লোকের লেগুনটি পার হয়ে পালানোর ব্যাপারে নিশ্চিত হয়েছে। উপকূলীয় একটি ক্ষুদ্র বেলাভূমিতে এই লোকরা তামিল টাইগারদের সঙ্গে এতদিন অবরুদ্ধ হয়েছিল। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ বলছে, এক বর্গমাইলের ওই বেলাভূমিতে তামিল বিদ্রোহীরা মানবঢাল হিসেবে হাজার হাজার বেসামরিক লোককে আটকে রেখেছে। ধারণা করা হচ্ছে, এশিয়ার সবচেয়ে বেশিদিন ধরে সরকারি সেনা ও তামিল টাইগার বিদ্রোহীদের মধ্যে চলা এই আধুনিক যুদ্ধ এখন শেষপর্যায়ে এসে তীব্র রূপ নিয়েছে। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, "ইতিমধ্যে ২ হাজার বেসামরিক লোক লেগুন অতিক্রম করতে সক্ষম হয়েছে। আরও বিপুলসংখ্যক অতিক্রম করছে, তবে বিদ্রোহীরা তাদের ওপর গুলি চালাচ্ছে। গুলিতে চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছে।" শ্রীলংকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত প্রতিনিধি আমিন আওয়াদ রয়টার্সকে বলেছেন, যুদ্ধাঞ্চল থেকে স্থানীয় একটি সূত্র ছয় হাজার লোকের লেগুনের পানিতে নামা অথবা নিরাপদে সেটি পার হওয়া নিশ্চিত করেছে। তিনিও বলেছেন, "পলায়নপর এসব লোককে সরাসরি কিংবা তাদের মাথার ওপর দিয়ে গুলি চালাচ্ছে তামিল টাইগাররা। সরকারি সেনা ও নৌবাহিনী কিছু লোককে উদ্ধারের দাবি করেছে। বাকিদের ব্যাপারে আমরা উদ্বিগ্ন।" শ্রীলংকার বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার জানাক নানায়াক্কারা জানিয়েছেন, হেলিকপ্টপারের মাধ্যমে ১২ জন আহতকে যুদ্ধাঞ্চলের দক্ষিণে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধাঞ্চলের সঠিক চিত্র পাওয়া প্রায় অসম্ভব। বাইরের কাউকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দ্ইু পক্ষই তথ্যবিকৃত করে নিজেদের অনুকূলে খবর দিয়ে থাকে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার এলটিটিই'র প্রতি আত্মসমর্পণ এবং হাজার হাজার বেসামরিক লোককে ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। একইসঙ্গে সেনাবাহিনীর প্রতি লোকজনের ওপর গোলাবর্ষণ এবং ভারী অস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান জানানো হয়। সরকার তাদের প্রতি আহ্বানের ব্যাপারে বলেছে, তারা ভারী অস্ত্রের ব্যবহার বন্ধ রেখেছে। শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী মাহিন্দা সামারাসিংহে বলেছেন, "এলটিটিই আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিলেই বেসামারিক লোকদের উদ্ধারে আমাদের অভিযান চালানোর দরকার হতো না।" তবে টাইগারদের রাজনৈতিক শাখার প্রধান বি. নাদেসান এক বিবৃতিতে বলেছেন, এলটিটিই স্থায়ী যুদ্ধবিরতি সমর্থন করে। তবে অস্ত্রসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি 'আত্মরক্ষার বর্ম' হিসেবে অস্ত্র রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, "তামিলরা অধীর আগ্রহে আশা করছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মানাবিকবিষয়ে শ্রীলংকায় হস্তক্ষেপ করায় নেতৃত্ব দেবেন।" এদিকে রেডক্রস বলেছে, বৃহস্পতিবারও যুদ্ধ চলায় তারা তৃতীয় দিনের মতো যুদ্ধাঞ্চলে ত্রাণসামগ্রী পেীঁছাতে এবং আহতদের সরিয়ে আনতে পারেনি। আগের দিন যুদ্ধাঞ্চলে রেডক্রসের স্থানীয় একজন কর্মী ও তার মা গোলার আঘাতে নিহত হয়। এদিন যুদ্ধাঞ্চলের একটি অস্থায়ী হাসপাতালের ওপর সরকারি সেনাদের হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয় বলে বিদ্রোহীদের সমর্থক ওয়েবসাইট তামিল ডট নেট এবং একজন চিকিৎসক জানান। সেনাবাহিনী ওই দাবি বানোয়াট আখ্যা দিয়ে প্রত্যাখান করেছে। বিশ্লেষক ও কূটনীতিকরা মনে করছেন, ভারতে মাসব্যাপী নির্বাচনপর্ব শেষ হওয়ায় শ্রীলংকার সেনারা এখন টাইগারদের মূলোৎপাটন করতে সর্বাত্মক অভিযান শুরু করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৩৯ ঘ.