ওয়াশিংটন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় মানবিক বিপর্যয় এড়ানোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যুদ্ধাঞ্চলে আটকা পড়া লোকজনদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে সরকার ও তামিল টাইগার দুপক্ষকেই আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওদিকে, শ্রীলংকা পরিস্থিতি নিয়ে প্রথম আনুষ্ঠানিক অধিবেশনে জাতিসংঘ লড়াইয়ে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
শ্রীলংকার সেনাবাহিনী ও বিদ্রোহিদের বেসামরিক নাগরিকদের রক্ষা করতে বলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
অন্যদিকে, ওবামা হোয়াইট হাউসে বলেছেন, "জরুরি ব্যবস্থা ছাড়া মানবিক সংকট বিপর্যয়ে রূপ নিতে পারে।"
তিনি বলেন, "এখন সংশ্লিষ্ট কিছু কিছু রাজনৈতিক ইস্যুকে একপাশে সরিয়ে রেখে প্রথমেই ক্রসফায়ারের মুখে থাকা নিরীহ নারী-পুরুষ ও শিশুদের জীবনের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার সময়।"
ওবামা আরও বলেন, "আমি তামিল টাইগারদেরকে অস্ত্রসমর্পণ করে বেসামরিক নাগরিকদের চলে যেতে দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯২১ ঘ.
bdnews24