২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাজির দৌড়ে কংগ্রেস এগিয়ে

ভারতের 'অদৃশ্য' বাজিকররা যদি কোনো দিক-নির্দেশনাপ্রদানকারী হয়ে থাকেন তবে নির্বাচনে জিততে যাচ্ছে ক্ষমতাসীন কংগ্রেসই। আর প্রধানমন্ত্রী হিসেবে বাজির বোর্ডে অনেক দূর এগিয়ে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরই নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

নয়াদিল্লি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের 'অদৃশ্য' বাজিকররা যদি কোনো দিক-নির্দেশনাপ্রদানকারী হয়ে থাকেন তবে নির্বাচনে জিততে যাচ্ছে ক্ষমতাসীন কংগ্রেসই। আর প্রধানমন্ত্রী হিসেবে বাজির বোর্ডে অনেক দূর এগিয়ে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরই নাম। ভারতের মাসব্যাপী নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপ অনুষ্ঠিত হচ্ছে বুধবার। তবে এককভাবে কোনো দলেরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা না থাকায় নির্বাচন হয়ে দাঁড়াচ্ছে দলগুলোর মিত্র বাড়ানোর লড়াই, যাতে মিত্রদের আসন যোগ করে সরকার গঠন করা সম্ভব হয়। কোনো দলের ব্যাপক বিজয়ের স্পষ্ট লক্ষণ না থাকায় বাজিকরদের খেলার ময়দান এর মধ্যে জমে উঠেছে। বাজিধরা ভারতে নিষিদ্ধ হলেও ক্রিকেট পাগল দেশটিতে গোপনে ক্রিকেট নিয়ে বাজি তুঙ্গে ওঠে। রাজনীতি-নির্বাচনও বাদ যায় না। প্রতিদ্বন্দ্বিতার অনুকূল হাওয়া পেয়ে নয়াদিল্লির পুরনো অংশের অলিগলিতে এখন বাজি ধরার হুজুগ চলছে: কে সরকার গঠন করবে? কংগ্রেস না বিজেপি জোট, না তৃতীয় শক্তি? প্রধানমন্ত্রী কী মনমোহনই না নতুন কেউ? এ নিয়ে চলছে একজনকে টেক্কা দিয়ে আরেক জনের বাজির ডাক। "এ মুহূর্তে কারও অন্য কোনো কাজ নেই। লোকজন হয় ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল) অথবা কে সরকার গঠন করবে তা নিয়ে বাজি ধরছে।" নিজের ছোট্ট দোকানের ভেতরে বসে এক স্বর্ণ ব্যবসায়ী রয়টার্সকে বলেন এ কথা। ভারতীয় সংসদের ৫৪৩ আসনের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেস এবার ১৪০টি আসন পাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। এ কারণে আঞ্চলিক মিত্র ও কমিউনিস্টদের সম্ভাব্য সমর্থনের দিকে তাকিয়ে আছে দলটি। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১২৫ থেকে ১৩০ আসন পাওয়ার প্রত্যাশা করছে। তবে নির্বাচনের শেষ দিকে এসে তাদের প্রত্যাশা আরও বেড়েছে। প্রধানমন্ত্রী পদে মনমোহনই ফেভারিট। তারপরে আলোচিত নাম, বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানির সম্ভাবনা জুয়াড়িদের বিবেচনায় ৩-১। বাজির ব্যবসায়ে জড়িত লোকজনের সঙ্গে ভালো যোগাযোগ আছে দাবি করে আরেক ব্যবসায়ী বলেন, "তাদের কাছে এই দু'জনের বাইরে আর কোনো প্রার্থী নেই।" বাজিকররা কংগ্রেসকে তাদের জয়ের ঘোড়া ধরে দেদারছে অর্থ ঢাললেও মঙ্গলবার ভারতীয় শেয়ারবাজারের সূচক চার পয়েন্ট বেড়ে গেছে ব্যবসা-বান্ধব দল হিসেবে পরিচিত বিজেপি বেশ কিছু নির্বাচনী এলাকায় আশাতীত ভালো করেছে এই কানাঘুষায়। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, মিত্রশিকারে কংগ্রেসের চেয়ে বিজেপি অনেক বেশি দক্ষ দল। দিল্লির পুরনো এলাকার দোকানদাররা অবশ্য বলেছেন, একই সময়ে দক্ষিণ আফ্রিকায় প্রতিরাতে আইপিএল ক্রিকেট চলায় বাজিকরদের ঝোঁক সেদিকেই । তাই অন্যান্য বারের চেয়ে এবার রাজনীতি নিয়ে জুয়া খেলা ততটা জমছে না। দিল্লির স্বর্ণকার কল্যাণসংস্থার সাধারণ সম্পাদক প্রেম প্রকাশ শর্মা বলেন, "ক্রিকেটই সবচেয়ে জনপ্রিয়। তাই জুয়ার অর্থ বেশি যাচ্ছে সেখানেই।" তার মতে ক্রিকেট ও রাজনীতি নিয়ে লোকজন বাজির খেলায় মত্ত হয়ে ওঠায় তাদের সোনার ব্যবসা ৬০ ভাগ পড়ে গেছে। ভারতে কোটি কোটি ডলারের এই 'বাজিশিল্প' পুরোটাই চলে মুখে মুখে; বিশ্বাসই এর ভিত্তি। খুব কম লোকই এতে জড়িত থাকার কথা স্বীকার করে। প্রকাশ শর্মা বলেন, "বাজির পুরো ব্যবসাটি একটি বিশাল ট্রেনের মতো। কিছু লোক ট্রেন থেকে নেমে যায়, কিন্তু উঠতে থাকে অনেক বেশি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৩৭ ঘ.