কোটা, পাকিস্তান ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সেনারা মঙ্গলবার সোয়াত উপত্যকায় তালেবানদের সদরদপ্তরের কাছে পৌঁছে গেছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, "হেলিকপ্টারে করে সেনারা প্রত্যন্ত পেওচার উপত্যকায় গেছে। সেখানে তালেবানদের সদরদপ্তর আছে।"
অধিবাসীরা জানিয়েছে, স্থলসেনাদেরকেও পেওচার উপত্যকার দিকে অগ্রসর হতে দেখা গেছে। পেওচারের অবস্থান মূল সোয়াত উপত্যকা থেকে উত্তরপূর্বে।
গ্রামবাসী নওয়াজ খান বলেন, " আমরা পেওচারে দিকে অনেক হেলিকপ্টার উড়ে আসতে দেখেছি। স্থলসেনারাও এদিকে আসছে। মনে হচ্ছে এখানে বড় ধরনের লড়াই হবে।"
পাকিস্তান সরকার গত বৃহস্পতিবার সেনাদের জঙ্গি নির্মূলের নির্দেশ দেওয়ার পর পেশোয়ারের ১১০ কিলোমিটার উত্তরপূর্বে সোয়াত উপত্যকায় পুরোদস্তুর তালেবান জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে সেনাবাহিনী।
বুনার উপত্যকা থেকে তালেবান জঙ্গি হটাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ২৬ এপ্রিল থেকে সেখানে অভিযান শুরু করে। এরপর সোয়াতে তালেবানদের সঙ্গে ফেব্র"য়ারিতে করা শান্তিচুক্তি উপেক্ষা করে সরকার সেখানে অভিযান শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24