২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সোয়াতে তালেবানদের ওপর বোমাবর্ষণ শুরু

পাকিস্তানে 'সন্ত্রাসীদের' নির্মূল করতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নির্দেশের পর শুক্রবার সোয়াত উপত্যকায় তালেবানদের ওপর জঙ্গি বিমান থেকে বোমাবর্ষণ শুরু হয়েছে। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 08:20 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

মিঙ্গোরা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে 'সন্ত্রাসীদের' নির্মূল করতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নির্দেশের পর শুক্রবার সোয়াত উপত্যকায় তালেবানদের ওপর জঙ্গি বিমান থেকে বোমাবর্ষণ শুরু হয়েছে। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও। সোয়াতে সেনাবাহিনীর মুখপাত্র মেজর নাসির খান টেলিফোনে জানান, জঙ্গি বিমান, হেলিকপ্টার গানশিপ ও সেনাদের সম্মিলিত এই অভিযানে মারা পড়েছে অন্ততপক্ষে ১২ জঙ্গি। এর আগের দিন নিহত হয়েছে ৫৫ জঙ্গি। তিনি বলেন, "কাবাল এলাকায় হেলিকপ্টার গানশিপ হামলা চালিয়ে আমরা দুটো জঙ্গি আস্তানা ধ্বংস করেছি। এতে ১০/১২ জন জঙ্গি মারা পড়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।" সোয়াতের অন্যান্য অংশেও বিমান ও স্থল অভিযান চলছে এবং গতদিন বিশিষ্ট এক তালেবান কমাণ্ডার নিহত হয়েছে বলেও জানান খান। এর আগে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বৃহস্পতিবার টেলিভিশনে এক ভাষণে জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, "জঙ্গিরা বন্দুকের নলের মুখে দেশকে জিম্মি করার চেষ্টা করছে। এখন চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে।" তিনি আরও বলেন, "আমাদের দেশের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারে এবং জনগণকে রক্ষা করতে সেনাবাহিনীকে জঙ্গি ও সন্ত্রাসীদের নির্মূল করতে বলা হয়েছে। সরকার সন্ত্রাসীদের কাছে মাথা নত করবে না। তাদেরকে অস্ত্রসমর্পণে বাধ্য করবে।" এর মধ্য দিয়ে সোয়াতে বড় ধরনের অভিযান শুরুরই ইঙ্গিত দেন গিলানি। সোয়াত পরিস্থিতি সামাল দেওয়াটা দেশে ক্রমবর্ধমান তালেবান তৎপরতা দমনে পাকিস্তানের জন্য একটি পরীক্ষা। বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আল কায়েদা ও এর মিত্রদের পরাজিত করার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সোয়াতে তালেবান বিরোধী জোরালো অভিযান শুরু করে এই প্রতিশ্র"তি রক্ষারই চেষ্টা করছে পাকিস্তান। সোয়াত উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা করতে ফেব্র"য়ারিতে স্বাক্ষরিত সরকার-তালেবান শান্তিচুক্তি ভেঙে পড়ার পর উপত্যকার প্রধান শহর মিঙ্গোরায় অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এ অভিযানের মুখে কারফিউয়ে বিরতির সুযোগে সোয়াত ছেড়ে পালাচ্ছে হাজার হাজার লোক। ত্রাণ সংস্থাগুলো ইতোমধ্যেই বহু মানুষ বাস্তুচ্যুত হওয়ার কথা জানিয়েছে। আরও মানুষ পালিয়ে আসতে থাকায় মানবিক সঙ্কট বাড়ছে বলে জানিয়েছে তারা। কর্তৃপক্ষ ফেব্র"য়ারিতে তালেবানদের দাবি মেনে সোয়াত উপত্যকায় শরিয়া আইন প্রবর্তন করে। কিন্তু তালেবানরা অস্ত্র পরিহার করতে অস্বীকৃতি জানায় এবং পার্শ্ববর্তী জেলাও দখলে নেওয়ার চেষ্টা চালায়। সোয়াতে অভিযান শুরুর আগে ২৬ এপ্রিল তালেবানদের উচ্ছেদ করতে সোয়াতের পার্শ্ববর্তী জেলা দির ও বুনারে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৭ ঘ.