কলোম্বো, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় নেওয়া শিবিরগুলো পরিদর্শনের জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলংকা। এ সমস্ত শিবিরে রয়েছে প্রায় ২ লাখ লোক।
বান কি মুনের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে কথা বলার সময় শ্রীলংকার প্রেসিডেন্ট রাজাপাকসে ওই আমন্ত্রণ জানান। বান কি মুন বরাবরই বেসামরিক নাগরিকদের জন্য খাবার ও ত্রাণ সরবরাহের সুবিধার্থে শ্রীলংকা সরকারকে অভিযান শিথিল করার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু বানের এই আহ্বান প্রত্যাখ্যান করে এসেছে সরকার ও তামিল গেরিলা দু'পক্ষই।
রাজাপাকসের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "পরিস্থিতি সচক্ষে দেখাসহ শরণার্থীদের স্থান সংকুলান ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং তাদের পুনর্বাসনের পরিকল্পনা করার জন্য বানকে আমন্ত্রণ জানিয়েছেন রাজাপাকসে।" তবে রাজাপাকসের সঙ্গে কথা বলার পর এক সাংবাদিক সম্মেলনে বান তার আমন্ত্রণ সম্পর্কে কোনও কিছু উল্লেখ করেননি।
শ্রীলংকার লিবারশেন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)'র এলাকা থেকে এ বছর পালিয়ে এসেছে ২ লাখেরও বেশি লোক। গত দু সপ্তাহেই যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে এসেছে ১ লাখ ১৫ হাজার মানুষ। এতে কওে শরণার্থী শিবিরগুলোতে বাড়তি মানুষের চাপ সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৫ ঘ.
bdnews24