মেক্সিকো সিটি, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে সোয়াইন ফ্লু। সংক্রমিত হয়েছে ২২৬ জন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র 'সিডিসি' একথা জানিয়েছে। বয়সে তরুণরাই এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে বেশি। ৫০ বছরের বেশি বয়স্কদের মধ্যে এই ফ্লু সংক্রমণের হার খুব কম।
সিডিসি'র ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড বেসের বলেছেন, "আশার কথা হচ্ছে, নতুন ভাইরাসটি সাধারণ সিজনাল ফ্লু'র চেয়ে বেশি মারাত্মক নয়।" তবে নতুন ভাইরাস সংক্রমণে অনেকটাই স্বাস্থ্যহানি ঘটবে বলে মনে করেন তিনি।
নতুন ফ্লু এর টিকা শরৎ কালের মধ্যেই তৈরি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার।
ওদিকে, ফ্লু'র সংক্রমণ ঠেকাতে সোমবারেও ব্যবসা-বাণিজ্য ও অফিস আদালত বন্ধ রাখা হয়েছে মেক্সিকোয়। কর্তৃপক্ষ সংক্রমণ অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছে। তবে মেক্সিকোর বাইরে এইচ১এন১ ভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে, ফ্লু মহামারীর আশঙ্কা কেটেছে। বিশেষজ্ঞরা বলেছেন, ভাইরাসটি সাধারন ফ্লুর চেয়ে বেশি মারাত্মক নাও হতে পারে। তবে ভাইরাসটি এখনও বিশ্বব্যাপী জনস্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং আরও বেশি দেশে ছড়িয়ে পড়তে পাওে বলে আশঙ্কা রয়েছে।
মেক্সিকো সিটিতে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হোসে এঞ্জেল কার্দোভা রোববার বলেন, "মারাত্মকভাবে ফ্লু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কমছে। কমে এসেছে মৃত্যুর সংখ্যাও।"
মেক্সিকোর স্বাস্থ্য বিশেষজ্ঞরা ইতোমধ্যেই বলেছেন, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যা ধারণা করা হয়েছিল তার চেয়ে কম হয়েছে। গত শুক্রবার তারা জানান, এর আগে নতুন ধরনের এই এইচ১এন১ ফ্লুতে ১৭৬ জনের মৃত্যুর কথা জানানো হলেও প্রকৃতপক্ষে এই সংক্রমণে মৃত্যুর সংখ্যা ১০১ জনের বেশি নয়।
তবে বিশ্বজুড়ে এখনও নতুন ধরনের এই ফ্লু সংক্রমণের খবর আসছে। কোস্টারিকা, ইতালি এবং আয়ারল্যান্ডে সোয়াইন ফ্লু সংক্রমণ ধরা পড়েছে। আরও ১৮ টি দেশেও এর বিস্তার ঘটেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'গে
bdnews24