নুসা দুয়া, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোয়াইন ফ্লু মোকাবেলায় এশিয়ার দেশগুলোকে সহযোগিতা করতে প্রস্তুত এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যাংকের প্রেসিডেন্ট হারুহিকো কুরোদা শনিবার একথা জানিয়েছেন।
কুরোদা জানান, সোয়াইন ফ্লু এশিয়ার দেশগুলোতে এখনো সেভাবে ছড়িয়ে না পড়ায় এর আর্থিক প্রভাব নির্ধারণ করা কঠিন হবে। তারপরও এতে করে পর্যটন ও বিমান চলাচলসহ সংশ্লিষ্ট শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
ইন্দোনেশিয়ার বালিতে ব্যাংকের বার্ষিক সভা শুরুর আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সোয়াইন ফ্লু সংক্রমণ বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারপরও এশিয়ার দেশগুলোতে এখনো সেভাবে ছড়িয়ে পড়েনি। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।"
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোয়াইন ফ্লুতে সতর্কতার মাত্রা এ সপ্তাহে ৫ এ উন্নিত করেছে। এর অর্থ মহামারী আসন্ন। তারপরও মেক্সিকোর বাইরে এ পর্যন্ত কেবল একজন মারা গেছে এই ফ্লুতে। মেক্সিকোতে মৃতের সংখ্যা ১০১।
কুরোদা বলেন, "কয়েক বছর আগে আমাদের সার্স ও এভিয়ান ফ্লু মোকাবেলা করতে হয়েছে। সেই অভিজ্ঞতারভিত্তিতে সোয়াইন ফ্লু মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। আর প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দিতেও প্রস্তুত আছে এডিবি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১০ ঘ.
bdnews24