মেক্সিকো সিটি, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকোতে সোয়াইন ফ্লু ছড়ানো বন্ধের চেষ্টায় অফিস-আদালত, স্কুল-কলেজসহ প্রায় সব কাজকর্ম পাঁচ দিন বন্ধ রাখার পর্যায়ে শুক্রবার নতুন করে আক্রান্তের সংখ্যা কমে আসায় আশাবাদী হয়ে উঠেছে দেশটি।
স্বাস্থ্যমন্ত্রী হোসে এঞ্জেল কর্দোভা জানিয়েছেন, তীব্র ফ্লু-য়ে আক্রান্ত ৪৬ জনকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ এপ্রিল এই সংখ্যা ছিল ২১২। "এটা আশাব্যঞ্জক" বলেন তিনি।
সোয়াইন ফ্লু'র বিস্তার ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া মেক্সিকোয় ঘরের বাইরে সব কাজকর্ম বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্দোভা জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর গবেষণাগারে আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষায় মেক্সিকোয় মারা যাওয়া ১৭৬ জনের মধ্যে মাত্র ১২ জনের এইচ১এন১ ভাইরাস নিশ্চিত হয়েছে। তিনি অবশ্য বলেন, "এই ভাইরাসেই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।"
সাধারণ মৌসুমি ফ্লু-তে বিশ্বে বছরে গড়ে আড়াই লাখ থেকে পাঁচ লাখ মারা যায়। যুক্তরাষ্ট্রে মারা যায় প্রায় ৩৬ হাজার।
বিশ্বে শুক্রবার পর্যন্ত ১১টি দেশে এইচ১এন১ ভাইরাসটির নিশ্চিত অস্তিত্ব ধরা পড়েছে। নেদারল্যান্ডস নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে। এ ছাড়া ১৭টি দেশে ভাইরাসটির সম্ভাব্য অস্তিত্ব পরীক্ষা করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৬ ঘ.
bdnews24