২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখান শ্রীলংকার, শাস্তি দিচ্ছে না জাতিসংঘ

ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্যদের চাপের মুখেও এ সপ্তাহে মানবিক কারণে তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে শ্রীলংকা। কিন্তু এ কারণে জাতিসংঘ শ্রীলংকাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 'আইএমএফ' ঋণ সরবরাহ স্থগিত করা কিংবা অন্য কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

জাতিসংঘ, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্যদের চাপের মুখেও এ সপ্তাহে মানবিক কারণে তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে শ্রীলংকা। কিন্তু এ কারণে জাতিসংঘ শ্রীলংকাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 'আইএমএফ' ঋণ সরবরাহ স্থগিত করা কিংবা অন্য কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন টাইগারদের সঙ্গে যুদ্ধবিরতির কোনও ইচ্ছা নেই তার সরকারের। শ্রীলংকা সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে রাজাপাকসে বলেন, "আমরা যুদ্ধবিরতি করব না। এখন আর তা করার সময় নেই। আমরা আর ৫/৬ দিনের জন্য লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) কে অস্ত্রসমর্পণ করে আত্মসমর্পণের সুযোগ দিয়েছি।" তিনি একইসঙ্গে এলটিটিই'কে যুদ্ধাঞ্চলে আটকে পড়া লোকজনদের বেরিয়ে আসতে দেওয়ারও আহ্বান জানান। এর আগে মানবিক কারণে তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধবিরতির জন্য শ্রীলংকাকে চাপ দেয় ব্রিটেন ও ফ্রান্স। যুদ্ধাঞ্চলে আটকা পড়া হাজার হাজার বেসামরিক তামিলকে বের হয়ে আসার সুযোগ করে দিতে বুধবার যুদ্ধবিরতির আহ্বান জানান ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। কিন্তু এ চাপের মুখেও শ্রীলংকা যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করল। এরই মধ্যে মার্কিন কর্মকর্তরা রয়টার্সকে বলেন, ওয়াশিংটন চায় যুদ্ধাঞ্চলে আটকে পড়াদের উদ্ধারে আরও বেশি কিছু করার জন্য চাপ দিতে শ্রীলংকাকে দেরীতে আইএমএফ এর ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণ দেওয়া হোক। কিন্তু বৃহস্পতিবার শ্রীলংকা বিষয়ক একটি অনানুষ্ঠানিক অধিবেশনের পর ১৫ জাতি নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট এবং মেক্সিকোর রাষ্ট্রদূত ক্লড হেল্লার সাংবাদিকদের বলেন, "আমি কাউকে এ ধরনের পরামর্শ দিতে শুনিনি।" ঋণ স্থগিত করে রাখার মতো শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা নেই এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা একমত কিনা জিজ্ঞেস করা হলে ক্লড বলেন, "পুরোপুরি একমত।" ২৫ বছর ধরে শ্রীলংকার সরকারের সঙ্গে লড়াই করে আসা লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) কে উপকূলীয় অঞ্চলে মাত্র ১০ বর্গ কিলোমিটারের একটি এলাকায় অবরুদ্ধ করে রেখেছে সেনাবাহিনী। তাদের সঙ্গে আটকা পড়ে আছে হাজার হাজার বেসামরিক তামিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড সাংবাদিকদের বলেন, "বেসামরিকদের রক্ষা করাই এ মুহূর্তের প্রধান কাজ। এলটিটিইর অবশ্যই বেসামরিকদের বের হয়ে আসায় আর বাধা না দেওয়া এবং লড়াই বন্ধ করা উচিত।" এ সপ্তাহের শুরুতে শ্রীলংকা সরকার সেনাবাহিনীকে এলটিটিই এর ওপর ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার না করার নির্দেশ দেওয়ার কথা জানিয়ে বলেছে, তারা এখন আটকে পড়া বেসামরিক লোকদের সরিয়ে মনোনিবেশ করেছে। শ্রীলংকার আশঙ্কা, পূর্ণ যুদ্ধবিরতিতে গেলে তামিল টাইগাররা পুনর্গঠিত এবং অস্ত্র সংগ্রহের সুযোগ পেয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৮ ঘ.