২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত নয়, পাকিস্তানের অভ্যন্তরীণ হুমকিই এখন বড়: ওবামা

দীর্ঘদিনের প্রতিপক্ষ ভারতের কাছ থেকে নয় বরং পাকিস্তান এখন দেশের ভেতরেই সবচেয়ে বড় হুমকির সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার একথা বলেছেন। পাকিস্তানের সেনারা তালেবান জঙ্গিদের বিস্তার ঠেকাতে বুনারের প্রধান শহর ডাগারের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওবামা এ মন্তব্য করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 06:32 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ওয়াশিংটন/ইসলামাবাদ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দীর্ঘদিনের প্রতিপক্ষ ভারতের কাছ থেকে নয় বরং পাকিস্তান এখন দেশের ভেতরেই সবচেয়ে বড় হুমকির সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার একথা বলেছেন। পাকিস্তানের সেনারা তালেবান জঙ্গিদের বিস্তার ঠেকাতে বুনারের প্রধান শহর ডাগারের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওবামা এ মন্তব্য করলেন। ওবামা এক সাংবাদিক সম্মেলনে বলেন, "পাকিস্তানের পরমাণু অস্ত্র নিরাপদে আছে এ ব্যাপারে তিনি আস্থাশীল এবং সেনাবাহিনীও দেশের প্রতি তালেবান জঙ্গিদের বাস্তব হুমকি স্বীকার করে নিয়েছে।" তিনি আরও বলেন, "পাকিস্তানের প্রতি ভয়াবহ হুমকি যে এখন ভারত নয় বরং দেশের অভ্যন্তরেই তা সৃষ্টি হয়েছে গত কয়েক দিনে সেনাবাহিনীর পক্ষ থেকে তা স্বীকার করে নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী উগ্রবাদী জঙ্গিদের সশস্ত্র হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেই প্রতীয়মাণ হচ্ছে।" বুনার জেলা থেকে তালেবানদের উচ্ছেদ করতে মঙ্গলবার পাকিস্তান সেনা অভিযান শুরু করেছে। এদিন সেনাবাহিনী তালেবানদের ওপর জঙ্গি বিমান ও হেলিকপ্টার গানশিপ দিয়ে হামলা চালায়। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস রাওয়ালপিণ্ডিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, "সশস্ত্র বাহিনীর যে কোনও ধরনের হুমকি মোকাবিলার সামর্থ আছে-- আমরা জাতিকে সেই আশ্বাস দিচ্ছি।" মঙ্গলবারের বিমান হামলায় ৫০ জনের বেশি তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে জানান আব্বাস। সেইসঙ্গে অভিযানে একজন সেনাও নিহত হয়েছে বলে জানান তিনি। বুনার জেলায় ৫০০ তালেবান যোদ্ধা রয়েছে বলে ধারণা করছে সেনাবাহিনী। এখান থেকে সরে না গেলে জোরালো সেনা অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান তাদের বিরুদ্ধে এ অভিযানে নামে। সোয়াত উপত্যকার বাইরে তালেবানদের বিস্তার ঠেকানোই এর উদ্দেশ্য। আব্বাস জানান, সেনাবাহিনী বুনার উপত্যকার ডাগার শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। বুনার ও সোয়াত দুটি জেলাই মালাকান্দে। সোয়াত উপত্যকায় সহিংসতা অবসানের চেষ্টায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ইসলামী শরিয়া আইন অনুমোদন করেছেন। কিন্তু সরকারের এই ছাড়ে উৎসাহিত হয়ে তালেবান যোদ্ধারা পাশ্ববর্তী 'বুনার' ও এর কাছাকাছি 'শাংলা' জেলা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সাংবাদিক সম্মেলনে পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে ওবামা বলেছেন, পাকিস্তান কেবল তালেবানদের কব্জায় চলে যাবে বলে আমি উদ্বিগ্ন নই বরং সেখানকার বেসামরিক সরকারের দুর্বল অবস্থান নিয়ে আমি বেশি উদ্বিগ্ন। সরকারের অবস্থান এ মুহূর্তে খুবই নড়বড়ে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, আইনের শাসন কিংবা বিচার ব্যবস্থার মতো মৌলিক মানবিক সেবা দেওয়ারও সক্ষমতা নেই বলে মনে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩১ ঘ.