২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানরা 'বুনার' না ছাড়লে জোর সেনাঅভিযানের হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তান মঙ্গলবার তালেবানদের হুঁশিয়ার করে দিয়ে বলেছে, তারা বুনার জেলা থেকে সরে না গেলে জোরাল সেনা অভিযানের মুখে পড়বে। বুনার জেলার অবস্থান ইসলামাবাদ থেকে ১০০ কিলোমিটার উত্তরপশ্চিমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 09:59 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ইসলামাবাদ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান মঙ্গলবার তালেবানদের হুঁশিয়ার করে দিয়ে বলেছে, তারা বুনার জেলা থেকে সরে না গেলে জোরাল সেনা অভিযানের মুখে পড়বে। বুনার জেলার অবস্থান ইসলামাবাদ থেকে ১০০ কিলোমিটার উত্তরপশ্চিমে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, "বুনারে সোমবার প্রায় ৪৫০ তালেবানের আনাগোনার খবর পাওয়া গেছে।" সাংবাদিকদের তিনি বলেন, "আমরা তাদেরকে ওই এলাকা খালি করে দিতে বলেছি। আমরা তাদেরকে ছাড়ব না। বুনার কিংবা অন্যান্য এলাকায় আমাদের সরকারি বিধি-বিধান পুনঃপ্রবর্তনের চেষ্টায় কেউ বাধা দিতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" পাকিস্তানের নিরাপত্তা বাহিনী রোববার মালাকান্দ বিভাগের উত্তরপশ্চিম ফ্রন্টিয়ার প্রদেশের লোয়ার দির জেলায় তালেবানদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেছে। সোয়াত উপত্যকার বাইরে তালেবানদের বিস্তার ঠেকানোই এ অভিযানের উদ্দেশ্য। সামরিক কর্মকর্তারা বলেছেন, লড়াইয়ে রোববার থেকে এ পর্যন্ত প্রায় ৭০ জঙ্গি নিহত হয়েছে। নিরপেক্ষ সূত্রে হতাহতের সংখ্যা জানা যায়নি। বুনার ও সোয়াত দুটি জেলাই মালাকান্দে। সোয়াত উপত্যকায় সহিংসতা অবসানের চেষ্টায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ মাসে ইসলামিক শরিয়া আইন অনুমোদন করেছেন। কিন্তু সরকারের এই ছাড়ে উৎসাহিত হয়ে তালেবান যোদ্ধারা পাশ্ববর্তী 'বুনার' ও এর কাছাকাছি 'শাংলা' জেলা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৩ ঘ.